মেদিনীপুর 23° 🌧️ · AQI 25 · ভালো 20 নভেম্বর 2026, শুক্রবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেরিলিন-চ্যাপলিনদের পাশে শাহরুখ! বিশ্বসেরার তালিকায় একমাত্র ভারতীয় কিং খান

মেরিলিন-চ্যাপলিনদের পাশে শাহরুখ! বিশ্বসেরার তালিকায় একমাত্র ভারতীয় কিং খান

নিজস্ব সংবাদদাতা: বিশ্বমঞ্চে ফের ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক প্রভাবের নিরিখে এবার এক বিরাট সম্মান পেলেন কিং খান। আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’র প্রকাশিত সর্বকালের 100 জন সেরা চলচ্চিত্র তারকার তালিকায় 92তম স্থান দখল করেছেন শাহরুখ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই তালিকায় জায়গা করে নেওয়া একমাত্র ভারতীয় অভিনেতা তিনি। ফলে শাহরুখের এই সাফল্য শুধু বলিউডের নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের কাছেই এক গর্বের মুহূর্ত।

শাহরুখের এই সাফল্যকে ঘিরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, হামফ্রে বোগার্টের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেওয়া নিঃসন্দেহে কিং খানের আন্তর্জাতিক জনপ্রিয়তারই প্রমাণ। তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। প্রথম দশে রয়েছেন হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়েটিয়ার, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।শাহরুখের এই আন্তর্জাতিক স্বীকৃতির নেপথ্যে বিশেষভাবে উঠে এসেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবির নাম। 2002 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেবদাস মুখোপাধ্যায়ের চরিত্রে শাহরুখের অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর অভিনয়ের রসায়ন ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিল। ‘ভ্যারাইটি’র বিচারে শাহরুখের অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই ছবি। তালিকায় শাহরুখের অবস্থান আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সমসাময়িক আন্তর্জাতিক তারকাদের উপস্থিতির কারণে। জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, জেন্ডায়া, জুলিয়া রবার্টস, রবার্ট ডাউনি জুনিয়র, কেট উইন্সলেট ও রবার্ট প্যাটিনসনের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে একই তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

অন্যদিকে, ‘টাইম’ ম্যাগাজিনের ‘টাইম100 নেক্সট ইন্ডিয়া’ তালিকায় শাহরুখ ও তাঁর পুত্র আরিয়ান খানের নাম থাকায় খান পরিবারেও খুশির আবহ। সামনে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। তার আগেই আন্তর্জাতিক স্বীকৃতির জোড়া সাফল্যে ফের শিরোনামে বলিউডের বাদশা।