অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ঢাকায় ভারত-বাংলাদেশ নদী কমিশনের বৈঠক, গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা!

বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ঢাকায় ভারত-বাংলাদেশ নদী কমিশনের বৈঠক, গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা!

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে টানাপোড়েনের আবহেই ঢাকায় অনুষ্ঠিত হলো ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (JRC) 91তম বৈঠক। রবিবারের এই বৈঠকে মূলত 1996 সালের গঙ্গার জলবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং গঙ্গা ও পদ্মা নদীর জলপ্রবাহ ও বণ্টন সংক্রান্ত তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়।বৈঠক সূত্রে জানা গিয়েছে, 1996 সালের গঙ্গা জলবণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি শুষ্ক মরসুমে নদীর জলপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট তথ্য বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে নদীর জলসম্পদ ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।উল্লেখ্য, 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদি গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী 12 ডিসেম্বর শেষ হতে চলেছে। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে এবারের যৌথ নদী কমিশনের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি কিংবা নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।কূটনৈতিক সূত্রের খবর, গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের স্তরেই নেওয়া হবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ বৃদ্ধি অথবা নতুন কোনও সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার প্রয়োজন রয়েছে।সব মিলিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে যৌথ নদী কমিশনের এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভবিষ্যৎ জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে ভারত ও বাংলাদেশের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।