অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত!

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত!

নিজস্ব সংবাদদাতা : শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনার মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। নড়াইল-সহ একাধিক এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগের মতো ঘটনার অভিযোগ সামনে আসছে। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রভাব এবার এপার বাংলাতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে সোমবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।22শে নভেম্বর রবিবার সন্ধ্যায় পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেখানে যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। আগামীকালই বিদেশমন্ত্রী জয়শংকরজিকে বিষয়টি জানাব। বৈদেশিক নীতির বিষয় হওয়ায় কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এ বিষয়ে মন্তব্য করতে পারেন না বা নিজে থেকে কোনও পদক্ষেপ করতে পারেন না।

তাই আমি বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব।”মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ রাজ্যের বহু মানুষ উদ্বিগ্ন। বাংলার অনেক বাসিন্দার আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। ওপার বাংলায় হিংসা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তাঁদের কাছ থেকে উদ্বেগের কথা শুনেছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিওও তাঁর কাছে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এ বিষয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে।বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এ রাজ্যেও যাতে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর আশঙ্কা, ওপার বাংলার পরিস্থিতির প্রভাব এপার বাংলাতেও পড়তে পারে। সেই কারণেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনতে বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন বাংলাদেশি নাগরিকদের মেডিক্যাল ভিসা নিয়েও প্রশ্ন ওঠে। উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, মেডিক্যাল ভিসা দেওয়া হবে কি না, তা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর একক সিদ্ধান্তের বিষয় নয়। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। তাঁর কথায়, “মেডিক্যাল ভিসা আলাদা বিষয়। দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত একজন মুখ্যমন্ত্রী নিতে পারেন না। এটি পুরোপুরি ভারত সরকারের সিদ্ধান্ত।”পাশাপাশি অনুপ্রবেশের প্রশ্নে কঠোর অবস্থানের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না। সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার।