নিজস্ব সংবাদদাতা : আর্থিক সচেতনতা ও বিনিয়োগ শিক্ষাকে আরও প্রসারিত করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ শুরু করল “ব্যক্তিগত অর্থসংস্থান ও শেয়ার বাজারে বিনিয়োগ” শীর্ষক একটি স্বল্পমেয়াদী কোর্স। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন তথা বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক অরিন্দম গুপ্ত। স্বাগত ভাষণ দেন অধ্যাপক কল্পতরু বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কর আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য আর্থিক সাক্ষরতা, সঞ্চয় পরিকল্পনা এবং শেয়ার বাজারে সচেতন বিনিয়োগ শিক্ষার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, বর্তমান সময়ে ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান শিক্ষার্থী ও গবেষকদের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল বিভাগের অধ্যাপক নীলঞ্জনা দাস চট্টোপাধ্যায় এবং গণিত বিভাগের অধ্যাপক শঙ্কর কুমার রায়। তাঁরা এই উদ্যোগকে সময়োপযোগী, বাস্তবমুখী এবং শিক্ষাজগতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।সমগ্র অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক অভিজিৎ সিনহা। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সমীর ঘোষ।

উল্লেখযোগ্য বিষয় হল, এই স্বল্পমেয়াদী কোর্সে বক্তা হিসেবে অংশ নেবেন বিভিন্ন শিল্পক্ষেত্রের পেশাজীবী, একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। ইতিমধ্যেই বিভিন্ন কলেজের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাছ থেকে এই কোর্সে ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা এই উদ্যোগের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে।