অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শিল্পদূষণ নিয়ন্ত্রণে আইআইটি খড়গপুরে বিশেষ কর্মশালা, রশ্মি গ্রুপের উদ্যোগে 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি

শিল্পদূষণ নিয়ন্ত্রণে আইআইটি খড়গপুরে বিশেষ কর্মশালা, রশ্মি গ্রুপের উদ্যোগে 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি

নিজস্ব সংবাদদাতা : শিল্পক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে আইআইটি খড়গপুরে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। রশ্মি গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের অধীনে আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘটল শুক্রবার, 27 নভেম্বর। আইআইটি খড়গপুরের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এ এন রায় সেমিনার হলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয়।“রাসায়নিক ও সংশ্লিষ্ট শিল্পে নির্গমন হ্রাসকরণ পদ্ধতি এবং দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামের কার্যকারিতা” শীর্ষক এই কর্মশালাটি 16 থেকে 27 নভেম্বর, 2026 পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালার সমন্বয়ের দায়িত্বে ছিলেন আইআইটি খড়গপুরের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক (HAG) বি. সি. মেইকাপ।শিল্পক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই ছিল এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য।

রশ্মি গ্রুপের খড়গপুর ইউনিটের পাশাপাশি পারাদীপ ফসফেটস লিমিটেডের ম্যাঙ্গালোর, গোয়া ও পারাদীপ ইউনিটের শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।এছাড়াও দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা কর্মশালায় যোগ দেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে ছিল এনআইটি রাউরকেলা, এনআইটি কালিকট, এনআইটি অন্ধ্রপ্রদেশ, এমএমএমইউটি গোরখপুর, আরজিইউকেটি, আইআইটি মাদ্রাজ, এইচআইটি হলদিয়া এবং আইজিআইটি সারং।কর্মশালার বিভিন্ন পর্বে বায়ুদূষণ ও জলদূষণ নিয়ন্ত্রণ, শব্দদূষণ প্রতিরোধ, কার্বন নিঃসরণ হ্রাস, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূপৃষ্ঠের জলপ্রবাহ নিয়ন্ত্রণ এবং অ্যারোমোড ডিসপারশন মডেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিল্পক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতির কার্যকারিতা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং পরিবেশগত প্রভাব কমানোর বিভিন্ন পদ্ধতিও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে।শিল্পক্ষেত্রের প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষাবিদ, গবেষক, স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি বিশেষ তাৎপর্য লাভ করে। বিশেষজ্ঞদের বক্তব্য, প্রযুক্তিগত আলোচনা এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিল্পদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই প্রেক্ষাপটে রশ্মি গ্রুপের CSR উদ্যোগে আইআইটি খড়গপুরের এই প্রশিক্ষণ কর্মশালা শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময় এবং পরিবেশবান্ধব শিল্পব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।