অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলার উপস্থিতি, ‘প্রত্যাবর্তন’-এর প্রচারে অভিনেতা রুদ্রনীল ঘোষ!

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলার উপস্থিতি, ‘প্রত্যাবর্তন’-এর প্রচারে অভিনেতা রুদ্রনীল ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব চলচ্চিত্রের নানা ভাষা, সংস্কৃতি ও গল্পকে এক মঞ্চে তুলে ধরতে গোয়ায় শুরু হয়েছে 57তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI 2026)। 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের মূল ভাবনা ‘Stories Without Borders’। আর এই আন্তর্জাতিক মঞ্চে বাংলা চলচ্চিত্রের উপস্থিতি ও প্রতিনিধিত্ব ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।উৎসবে অভিনেতা রুদ্রনীল ঘোষ বাংলা চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ (Pratyabarthan)-এর প্রচার ও সমর্থনে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বাংলা সিনেমাকে তুলে ধরার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এ বছরের উৎসবের অন্যতম আকর্ষণ নতুন বিভাগ ‘Films About Films’।

চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের গল্প, পরিচালকদের কাজের ধরন, অভিনেতাদের অভিজ্ঞতা এবং সিনেমা তৈরির বিভিন্ন পর্যায়কে দর্শকদের সামনে তুলে ধরতেই প্রথমবারের মতো এই বিভাগ চালু করা হয়েছে।উদ্বোধনী পর্বে থাকছে দশটি দেশের যৌথ প্রযোজনায় নির্মিত পাঁচটি আন্তর্জাতিক ছবি। এই তালিকায় রয়েছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, জর্জিয়া, এস্তোনিয়া, তুরস্ক, সুইৎজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালির চলচ্চিত্র।

এবারের উৎসবে স্পেন সম্মানীয় দেশের মর্যাদা পেয়েছে এবং রাশিয়া রয়েছে সহযোগী দেশ হিসেবে।বাংলা চলচ্চিত্রের জন্য আরও একটি উল্লেখযোগ্য খবর পরিচালক শেখর দাশের ‘পাগলা ঘোড়া’ ছবির প্যানোরামা বিভাগে নির্বাচন ও প্রদর্শন। সর্বভারতীয় স্তরের এই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির এমন স্বীকৃতি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র জগতের কাছে আনন্দের বিষয়।

উল্লেখযোগ্যভাবে, এবছরই প্রথম গোয়ার IFFI-তে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ‘Film Bazaar’-এ অংশগ্রহণ করা হয়েছে। উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের সঙ্গে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক যোগাযোগ আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গোয়ার আন্তর্জাতিক মঞ্চ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে বাংলার শিল্প, সংস্কৃতি ও সিনেমার সেতুবন্ধন আরও মজবুত করার ক্ষেত্রে এই উদ্যোগ আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।আন্তর্জাতিক মঞ্চে বাংলা সিনেমার এই উপস্থিতি শুধু চলচ্চিত্রের প্রচার নয়, বরং বাংলার সংস্কৃতি ও সৃজনশীলতার বিশ্বদরবারে পৌঁছে যাওয়ার এক ইতিবাচক বার্তা।