Skip to content

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত! বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ

নিজস্ব সংবাদদাতা: প্রবল বর্ষণের জেরে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়লেও বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সারারাতের টানা ভারী বৃষ্টিতে একাধিক এলাকায় ধস নেমেছে, ভেঙে পড়েছে গাছ এবং বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দুধিয়া এলাকায়, যেখানে বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে অস্থায়ী দুধিয়া সেতু। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর নেপাল সীমান্ত সংলগ্ন মিরিক ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তার জেরে ফুলেফেঁপে উঠেছে বালাসন নদী। ভোররাতে নদীর প্রবল জলের তোড়ে ভেঙে যায় দুধিয়ার অস্থায়ী সেতু। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগে মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নদীর বুকে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু এবারের প্রবল বর্ষণে সেই সেতুও টিকতে পারল না। সেতু ভেঙে যাওয়ার ফলে শিলিগুড়ি থেকে মিরিক এবং মিরিক থেকে শিলিগুড়িগামী যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বর্তমানে সুখিয়াপোখরি হয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে যাত্রাপথ অনেকটাই দীর্ঘ হয়ে পড়েছে। অন্যদিকে, পাহাড়ি এলাকায় একাধিক স্থানে ধস নামায় জাতীয় সড়ক ১০ (এনএইচ-১০) বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে শিলিগুড়ি ও গ্যাংটকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একইসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে ১১০ নম্বর জাতীয় সড়কও। মহানদী সংলগ্ন এলাকায় খারসাং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রধান সড়কের উপর একটি বিশাল গাছ উপড়ে পড়ায় দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। প্রবল বর্ষণের জেরে নদীগুলির জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন ও ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনিক কর্মীরা পরিস্থিতির উপর নজর রাখছেন।এদিকে, আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবারের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

Latest