নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের নানা বাস্তবতার প্রতিফলন নিয়ে তিনি তাঁর বক্তব্যে আলোকপাত করেন। পাশাপাশি নবীন সাহিত্যস্রষ্টা হিসেবে বাঁশরী রঞ্জন সামন্তের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেদিনীপুর কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি তাঁর বক্তব্যে লেখকের সাহিত্যচর্চার ধারাবাহিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের উল্লেখ করে উপন্যাসটির ব্যাপক প্রচার ও সাফল্য কামনা করেন। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যপ্রেমী, শিক্ষক, সংস্কৃতিপ্রেমী এবং শুভানুধ্যায়ীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত অতিথিরা লেখককে শুভেচ্ছা জানান এবং তাঁর সাহিত্যজীবনের আরও সাফল্য কামনা করেন।

প্রথম উপন্যাস প্রকাশের এই বিশেষ মুহূর্তে লেখক বাঁশরী রঞ্জন সামন্ত উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘বদ্ধ আবদ্ধ’ পাঠকমহলে সমাদৃত হবে এবং সমাজের নানা অনুভূতি ও বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে পাঠকদের মনে বিশেষ স্থান করে নেবে। সাহিত্যপ্রেমীদের মতে, মেদিনীপুরের সাহিত্যচর্চার পরিমণ্ডলে এই গ্রন্থ প্রকাশ এক উল্লেখযোগ্য সংযোজন, যা আগামী দিনে লেখকের সৃজনশীল যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।