নিজস্ব সংবাদদাতা : বাংলার নববর্ষের আবহে ঐতিহ্য, গরিমা ও সম্প্রীতির বার্তা তুলে ধরে বুধবার দিনভর নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটালেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং ভোটের আগে সমর্থন আদায়ে জোর দেন।প্রচারের শুরুতেই মানিকদীপা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চা-চক্রে অংশ নেন প্রদীপ লোধা। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার মানুষের অভাব-অভিযোগ, দৈনন্দিন সমস্যা ও উন্নয়নের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনেন।এই সময় তিনি বলেন, বাংলার নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও গরিমার প্রতীক। তাঁর কথায়, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান, সামাজিক সংস্কার, জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ভূমি। একই সঙ্গে তিনি বাংলাকে সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য উদাহরণ বলেও উল্লেখ করেন।এরপর আগরবাঁধ এলাকায় ব্যাপক প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন গড়বেতার এই বিজেপি নেতা। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এলাকার উন্নয়ন, পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থনের আবেদন জানান।