Skip to content

গড়বেতায় সাফল্যের জোয়ার! সেন্ট নিকোলাস স্কুলে সিবিএসই দশমে ৯৮%+ নম্বরে তিন কৃতীর নজির!

অভিজিৎ সাহা : গড়বেতার শিক্ষাক্ষেত্রে নতুন ইতিহাস গড়ল সেন্ট নিকোলাস পাবলিক স্কুল। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় অসাধারণ ফল করে নজর কাড়ল তিন কৃতী পড়ুয়া—যাদের সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা।এই তালিকার শীর্ষে রয়েছে আয়ুস্মান মিদ্যা, যার প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। পাশাপাশি প্রেরণা নন্দী ও শিখরাদ্রী দে—দু’জনেই পেয়েছে ৯৮.২ শতাংশ নম্বর। তিনজনই সিবিএসই বোর্ড অনুমোদিত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এবং মফস্বল এলাকা থেকে এমন ফলাফল নিঃসন্দেহে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যালয়ের কর্ণধার ধনঞ্জয় পান জানান, এই সাফল্য ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল। তাঁর কথায়, এই অর্জন স্কুলের জন্য গর্বের মুহূর্ত। স্কুলের প্রিন্সিপাল সৌম্যব্রত চক্রবর্তীও একই সুরে বলেন, মফস্বল এলাকা থেকেও জাতীয় স্তরের বোর্ড পরীক্ষায় যে অসাধারণ ফল করা সম্ভব—এই ছাত্রছাত্রীরাই তার প্রমাণ। তিনি জোর দিয়ে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে।এই সাফল্যে শুধু বিদ্যালয় নয়, গোটা গড়বেতা জুড়েই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে এই কৃতী পড়ুয়ারা—আর তাদের দিকে তাকিয়ে আশাবাদী শিক্ষক থেকে অভিভাবক, সকলেই।

Latest