Skip to content

‘দুধশ্রী’-র হাত ধরে স্বনির্ভরতার পথে হাজারো মহিলা—গ্রামবাংলায় বদলের নতুন দিশা!

নিজস্ব সংবাদদাতা : মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যকে সামনে রেখে Dudhshree Milk Producer Company ২৭ ফেব্রুয়ারি ২০২৪-এ যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই সংস্থাটি নজির গড়েছে—প্রায় ৬৫০টি গ্রামে গড়ে উঠেছে মিল্ক কালেকশন পয়েন্ট এবং এর সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় ২৮,০০০ মহিলা সদস্য। উল্লেখযোগ্য বিষয়, এই সমস্ত মহিলারাই এই প্রডিউসার কোম্পানির প্রকৃত মালিক, যা গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।এক অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশুচিকিৎসক ডাঃ সোভন মণ্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন আইবিপি বিভাগের সর্বজিত ভট্টাচার্য, ক্লাস্টার ম্যানেজার তোতন প্রামাণিক, এইচআর বিভাগের তন্ময় মাজি, এরিয়া অফিসার শওকত ইসলাম এবং ফ্যাসিলিটেটর প্রণব বিশ্বাস, রাহুল বেরা, পিইএস বিভাগের সাগ্নিক রায় ও তুহিন প্রামাণিক এবং বিএমসি ইনচার্জ দেবাঞ্জন প্রামাণিক সহ আরও অনেকে।সংস্থার চিফ এক্সিকিউটিভ Krishnendu Mondal ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, দুধশ্রী শুধুমাত্র দুধ উৎপাদন ও বিপণনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। তাঁর কথায়, “রাজ্যের মহিলাদের আরও কীভাবে স্বনির্ভর করা যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।” দুগ্ধজাত পণ্যের পাশাপাশি অন্যান্য কৃষিজ পণ্য এবং গ্রামীণ মহিলাদের সার্বিক উন্নয়নেও জোর দিচ্ছে সংস্থা।এই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

গত অর্থবর্ষে NDDB মৃদা এবং NDDB Dairy Services-এর সহযোগিতায় সদস্যদের জন্য ভর্তুকি মূল্যে ১০০টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনই পরিবারের দৈনন্দিন খরচ কমাতেও সহায়ক।এই ধারাবাহিকতায় রাইলা বিএমসি-র অন্তর্গত বুড়্যাপাট পাঁচখুরি গ্রামে ৫১ জন মহিলা সহায়িকাকে নিয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সেরা ৫ জন পারফর্মারকে সম্মান জানানো হয়, যা তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগায়।শিক্ষাক্ষেত্রেও নজর দিয়েছে সংস্থা। গত বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উজ্জ্বল ফল করা দুই ছাত্রী—মনীষা রায় (৮৮%) এবং বিপাশা ঘোষ (৯০%)-কে ২০,০০০ টাকা করে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এই উদ্যোগেও পাশে ছিল NDDB এবং NDDB Dairy Services।এই মেধাবৃত্তি প্রদান এবং দুধশ্রীর পাশে থেকে বাংলার ডেয়ারি সেক্টর ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরন্তর সহযোগিতার জন্য NDDB এবং NDDB Dairy Services-কে সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।সব মিলিয়ে, দুধশ্রী শুধু একটি সংস্থা নয়—গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের এক শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা বদলে দিচ্ছে বাংলার অর্থনৈতিক ও সামাজিক চিত্র।

Latest