Skip to content

মেদিনীপুর মেডিকেলে পরিকাঠামো ও চিকিৎসা উন্নয়নে কড়া নজর প্রশাসনের!

সেখ ওয়ারেশ আলী : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। ১৯শে মে,মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন ঘাটতি, রোগীদের পরিষেবা, পরিকাঠামোগত সমস্যা এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শংকর গুছাইত জানান, সাধারণ মানুষের স্বার্থে সরকারি স্বাস্থ্য পরিষেবার দ্রুত উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে চায়। মেদিনীপুর মেডিকেল কলেজ শুধু জেলার নয়, পার্শ্ববর্তী বহু জেলার মানুষের ভরসাস্থল। তাই এখানে চিকিৎসার মান আরও উন্নত করা এবং রোগীদের দ্রুত ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

”তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি পূরণ, পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং রোগী পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষভাবে মাতৃমা বিভাগে সিনিয়র চিকিৎসকদের নিয়মিত পরিষেবা নিশ্চিত করা এবং বেডের সংখ্যা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার হাসপাতালগুলিকে আধুনিক ও উন্নত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকেই উন্নত চিকিৎসা পরিষেবা পান।এই বৈঠককে ঘিরে স্বাস্থ্য মহলে তৈরি হয়েছে আশাবাদ। দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা করছেন রোগী ও সাধারণ মানুষ।

Latest