Skip to content

রক্তের সংকটে মানবিক উদ্যোগ—বিদ্যাসাগর শিশু নিকেতনের রক্তদান শিবিরে উচ্ছ্বাস!

নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন রক্তের সংকট প্রকট আকার নেয়, তখন সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে এগিয়ে এল অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিদ্যাসাগর শিশু নিকেতন। মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হল এক রক্তদান শিবির।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বিদ্যালয়ের রাঙামাটি ক্যাম্পাসে এই শিবির অনুষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য ছিল গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকের ঘাটতি পূরণ করা এবং সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা।

বিদ্যালয়ের অধ্যক্ষা চন্দা মজুমদার জানান, মোট ৭৬ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশ নেন। শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ শিবিরকে সফল করে তোলে।উল্লেখযোগ্যভাবে, এই কর্মসূচিতে নিজেও রক্তদান করেন অধ্যক্ষা চন্দা মজুমদার, যা উপস্থিত সকলের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে। তাঁর এই উদ্যোগ অন্যদেরও রক্তদানে উৎসাহিত করে।

সমাজসেবামূলক এই আয়োজন স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিবিরে বিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্ব ও সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে, এই রক্তদান শিবির শুধু প্রয়োজন মেটানোর উদ্যোগ নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিল মেদিনীপুরে।

Latest