কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি
সুমন মণ্ডল: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাক্ষাতের পর পশ্চিমবঙ্গের 19টি রেল প্রকল্পের জট কাটিয়ে সেগুলির বাস্তবায়নের উদ্যোগের কথা সামনে এসেছে। কিন্তু প্রথম পর্যায়ের এই প্রকল্পগুলির তালিকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কোনও রেল প্রকল্পের উল্লেখ না থাকায় হতাশ এলাকার রেলপথের দাবিতে আন্দোলনকারীরা। রেলপথ নির্মাণের দাবিতে সরব হয়েছে চন্দ্রকোনা-ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটি। তাঁদের প্রশ্ন, দীর্ঘদিনের দাবি ও জনস্বার্থের বিষয় হওয়া সত্ত্বেও কেন রেল প্রকল্পের প্রাথমিক তালিকায় জায়গা পেল না ঘাটাল মহকুমা? উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একাধিক রেলপথ নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে চন্দ্রকোনা-ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটি। কমিটির দাবিগুলির মধ্যে রয়েছে পাঁশকুড়া থেকে ঘাটাল পর্যন্ত রেলপথ সম্প্রসারণ, ঘাটাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন, চন্দ্রকোনা টাউন থেকে চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা থেকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহবনী পর্যন্ত রেলপথ নির্মাণ। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলি শুধু যাতায়াতের সুবিধার জন্য নয়, বরং ঘাটাল মহকুমার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং পর্যটনের প্রসারের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল যোগাযোগ চালু হলে ঘাটাল-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে তাঁদের আশা। দাবি আদায়ের লক্ষ্যে শুধু আন্দোলন কর্মসূচিই নয়, প্রশাসনিক ও রাজনৈতিক স্তরেও একাধিকবার আবেদন জানিয়েছে এই কমিটি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে ই-মেলের মাধ্যমে একাধিকবার চিঠি পাঠিয়ে প্রস্তাবিত রেলপথগুলির বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চন্দ্রকোনা-ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সমীর কুমার ঘোষ বলেন, “আমরা আশাবাদী, আগামী কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটাল মহকুমার দীর্ঘদিনের রেলপথের দাবি পূরণে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নেবে। ঘাটাল মহকুমার মানুষের যাতায়াতের সুবিধা ও সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত রেল প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। এবারের বাজেটে ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, এমনটাই আশা আমাদের।” রাজ্যের একাধিক রেল প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগের মধ্যে ঘাটাল মহকুমার নাম না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে এলাকার রেল যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে। দীর্ঘদিনের দাবি কবে বাস্তবায়িত হবে? কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটালের জন্য কোনও বিশেষ ঘোষণা থাকবে কি না? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ঘাটালবাসী।