"আকভানের" দাপটে ফুলচাষে বিপর্যয়, ক্ষতিপূরণ ও শস্যবীমার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুলচাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং ফুলচাষকে শস্যবীমা প্রকল্পের আওতায় আনার দাবিতে মুখ্যমন্ত্রী ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করল ফুলচাষি সংগঠন।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া-সহ রাজ্যের একাধিক ফুলচাষ প্রধান জেলায় এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, গত তিন সপ্তাহে পরপর তিনটি ঘূর্ণিঝড়জনিত দুর্যোগে ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ‘আকভান’-এর ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস-সহ বিভিন্ন স্টিক ফুলের গাছ হেলে পড়েছে। অন্যদিকে গাঁদা, দোপাটি, অপরাজিতা-সহ বিভিন্ন ফুলের গাছের গোড়ায় জল জমে পচনের আশঙ্কা তৈরি হয়েছে। ফুলের পাপড়িতে জল ঢুকে গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের অবিলম্বে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। পাশাপাশি ফুলকে ‘অর্থকরী কৃষিপণ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে শস্যবীমা প্রকল্পের আওতায় আনার দাবিও তোলা হয়েছে। নারায়ণ চন্দ্র নায়ক আরও জানান, অগ্রহায়ণ মাসে বিয়ের একাধিক শুভ দিন থাকায় এই সময় ফুলের চাহিদা যথেষ্ট বেশি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিয়ের মরশুমে ফুলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর ফলে একদিকে যেমন ফুলচাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন, অন্যদিকে সাধারণ ক্রেতাদেরও বেশি দামে ফুল কিনতে হতে পারে।