অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

বিষ্ণুপুরের ঐতিহাসিক সৌধ ঘিরে হেরিটেজ ওয়াক,ASI ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

বিষ্ণুপুরের ঐতিহাসিক সৌধ ঘিরে হেরিটেজ ওয়াক,ASI ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘিরে আয়োজিত হল বিশেষ হেরিটেজ ওয়াক। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (ASI), কলকাতা সার্কেল এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে শনিবার এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 150 জন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের আধিকারিক এতে অংশগ্রহণ করেন। 19 থেকে 25 নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ। সেই উপলক্ষে শনিবার, সকাল 10টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত বিষ্ণুপুরের ঐতিহাসিক রাসমঞ্চ ও জোড় মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে এই হেরিটেজ ওয়াক অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের কাছে বিষ্ণুপুরের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং ঐতিহাসিক সৌধ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ড. তনুশ্রী সামন্ত। ASI কলকাতা সার্কেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ড. ডি. বি. গারনায়ক এবং ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট প্রতাপ কুমার নায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়িকা শুক্লা চ্যাটার্জি।এই কর্মসূচিতে বাঁকুড়া সম্মিলনী কলেজের 30 জন এবং বিষ্ণুপুর হাইস্কুলের 50 জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 40 জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দীপক কুমার মিদ্যা, সহকারী অধ্যাপক ড. অভিক বিশ্বাস ও ড. শিমুল রায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিষ্ণুপুর জাদুঘরের কিউরেটর তুষার সরকার এবং ASI কলকাতা সার্কেলের 30 জন আধিকারিকও এই হেরিটেজ ওয়াকে অংশগ্রহণ করেন।

হেরিটেজ ওয়াক চলাকালীন রাসমঞ্চ ও জোড় মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে জানানো হয়। বইয়ের পাতায় পড়া ইতিহাসকে সরাসরি ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে জানার সুযোগ পান ছাত্রছাত্রীরা। একই সঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, ঐতিহ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের অমূল্য সাংস্কৃতিক সম্পদ অক্ষত রাখার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ASI-এর আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি বিশেষ তাৎপর্য লাভ করে। এই উদ্যোগের মধ্য দিয়ে ঐতিহ্য শিক্ষা ও প্রত্নতাত্ত্বিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও ASI-এর যৌথ উদ্যোগের বার্তাও উঠে আসে।