নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর: তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার হলেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো কমিটির বিদায়ী চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার। বুধবার বুদবুদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ও পরে ভোটারদের ভয় দেখানো, বিরোধী কর্মীদের মারধর করা এবং তোলাবাজির মতো একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই এদিন তাঁকে গ্রেপ্তার করা হয়।স্থানীয়ভাবে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত রমাপ্রসাদ হালদার দুর্গাপুর পুরবোর্ড ভেঙে যাওয়ার পর এলাকায় অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। বুধবার বর্ধমানের দিক থেকে বুদবুদে আসার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতের আবেদনও জানানো হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং কাটমানির অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই রমাপ্রসাদ হালদারের গ্রেপ্তারিকে ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দুর্গাপুরে রাজনৈতিক মহলে শোরগোল, গ্রেপ্তার বিদায়ী বরো চেয়ারম্যান