পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়।

রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপিও গাড়ি আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। গাড়িতে থাকা ১৫টি নাইলনের বস্তা থেকে মোট ৪৫৯.১৪ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসান আলি ওরফে লালন এবং শেখ কুরবান নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেরই বাড়ি বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত সোনমণি গ্রামে।তল্লাশি ও বাজেয়াপ্তকরণের সম্পূর্ণ প্রক্রিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা বাঘমুণ্ডির বিডিও, ঝালদার এসডিপিও এবং বাঘমুণ্ডি থানার আইসির উপস্থিতিতে সম্পন্ন হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।এই ঘটনায় NDPS Act-এর ১৫(c) ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও গন্তব্যের পাশাপাশি এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ।