দুর্বল হয়েছে ‘অ্যাকভান’, তবুও দুর্যোগের কালো মেঘ ওড়িশা ও বাংলার আকাশে
নিজস্ব সংবাদদাতা: সমুদ্রে শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অ্যাকভান’। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসা এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর (আইএমডি)-এর শুক্রবার সকালের বুলেটিন অনুযায়ী, ওড়িশার গোপালপুরের কাছে শুরু হয়েছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। সম্পূর্ণ ল্যান্ডফল হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা ‘আই অফ দ্য সাইক্লোন’ তখনও গোপালপুর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে প্রবেশ করলে গোপালপুর ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ল্যান্ডফল সম্পূর্ণ হওয়ার পর আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গত 24 ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। প্রথমে মনে করা হয়েছিল, অন্ধ্রপ্রদেশ উপকূলেই আছড়ে পড়বে অ্যাকভান। কিন্তু পরবর্তী সময়ে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে সরে আসে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় দুর্যোগ সতর্কতা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও বৃষ্টির দাপট কমার সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার পুরী-সহ ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভদ্রক, কটক, গজপতি, গঞ্জাম, জগৎসিংহপুর, জাজপুর, খুরদা, কেন্দ্রাপাড়া ও নয়াগড়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কোরাপুট ও মালকানগিরিতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলি। গোপালপুরে সর্বাধিক 166 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে 4টে পর্যন্ত চাঁদবালিতে 90 মিলিমিটার, পারাদ্বীপে 84 মিলিমিটার এবং পুরীতে 73 মিলিমিটার বৃষ্টি হয়েছে।দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। বিপজ্জনক এলাকাগুলি থেকে অন্তত তিন লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে 2,523টি আশ্রয়শিবির। মোতায়েন করা হয়েছে মোট 423টি উদ্ধারকারী দল। এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর 14টি দল, ওড়িশা দুর্যোগ মোকাবিলা বাহিনীর 60টি দল এবং দমকলের 131টি দল। আশ্রয়শিবিরগুলিতে শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি প্যাড ও শিশুদের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ঘূর্ণিঝড়ের প্রভাবে রেল পরিষেবাতেও পড়েছে প্রভাব। 19 থেকে 21 নভেম্বর পর্যন্ত বন্দে ভারত-সহ পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিলের তালিকায় রয়েছে একাধিক টাটানগর-বদামপাহাড় মেমু, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি মেমু এবং টাটানগর-ব্রহ্মপুর এক্সপ্রেস। ফলে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ওড়িশার পাশাপাশি ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গ উপকূলে 20 নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।সব মিলিয়ে শক্তি হারালেও অ্যাকভানের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের আশঙ্কা এখনও কাটেনি। বিশেষ করে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও সম্ভাব্য জল জমার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
দেশ
শনিবার আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রী মোদী, প্ল্যাটিনাম জুবিলিতে উন্মোচন করবেন বিশেষ স্মারক মুদ্রা
পশ্চিমবঙ্গ
পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট
পশ্চিমবঙ্গ