নিজস্ব সংবাদদাতা : মোমো, বার্গার বা ফাস্টফুড—এক চামচ মেয়োনিজ ছাড়া যেন স্বাদই অপূর্ণ। কিন্তু সেই প্রিয় সসই যে নীরবে শরীরের ক্ষতি করছে, তা নিয়ে ফের বড় সতর্কবার্তা দিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু সরকার। কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজের ওপর জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি মাথায় রেখেই ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ৮ এপ্রিল প্রথম এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। এবার তা বাড়িয়ে আরও ১২ মাস করা হল। ইতিমধ্যেই একই পথে হেঁটেছে তেলেঙ্গানা ও কেরলও। বিশেষজ্ঞদের মতে, কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজে মারাত্মক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির আশঙ্কা থাকে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। মেয়োনিজে প্রায় ৭০-৮০ শতাংশই তেল থাকায় অতিরিক্ত ক্যালোরি ও কোলেস্টেরল শরীরে দ্রুত বাড়ে। এর পাশাপাশি কাঁচা ডিমে থাকা ‘অ্যাভিডিন’ প্রোটিন শরীরে ভিটামিন B7 (বায়োটিন) শোষণে বাধা দেয়। ফলে দীর্ঘদিন খেলে অজান্তেই পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। যাঁরা ডিমে অ্যালার্জিতে ভোগেন, তাঁদের ক্ষেত্রে মেয়োনিজ় খাওয়ার পর হঠাৎ চুলকানি, ত্বকে র্যাশ বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্য সুরক্ষা দপ্তরের দাবি, অনেক ব্যবসায়ী সঠিক স্বাস্থ্যবিধি না মেনে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করছেন। এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

- সালমোনেলা: জ্বর, বমি, পেটব্যথা ও ডিহাইড্রেশন ঘটাতে পারে।
- ই. কোলাই: কিডনির গুরুতর ক্ষতি পর্যন্ত করতে সক্ষম।
- লিস্টেরিয়া: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গর্ভপাতের আশঙ্কা বাড়ায়।