নিজস্ব সংবাদদাতা : তীব্র গরম ও প্রখর রোদের মাঝে পথচলতি মানুষের পাশে দাঁড়াতে খড়্গপুর মালঞ্চে মানবিক উদ্যোগ নিল খড়্গপুর মহিলা তৃণমূল কংগ্রেস। মালঞ্চের ভি-মার্ট শপিং এলাকা সংলগ্ন মলের সামনে আয়োজিত হয় একটি বিশেষ ‘জলদান কর্মসূচি’, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া।এই কর্মসূচির মাধ্যমে রোদের মধ্যে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারী, রিকশাচালক, ডেলিভারি কর্মী এবং বাইক আরোহীদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়। দুপুরের দাবদাহে এই ছোট্ট উদ্যোগই অনেকের কাছে হয়ে ওঠে বড় স্বস্তি।আয়োজকদের বক্তব্য, কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়েছে।

সেই কথা মাথায় রেখেই রাস্তায় থাকা মানুষদের কিছুটা স্বস্তি দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এক উষ্ণ দুপুরে এক গ্লাস ঠান্ডা জল শুধু তৃষ্ণাই মেটায়নি, বরং মানুষের মুখে এনে দিয়েছে প্রশান্তির হাসি ও স্বস্তির অনুভূতি।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই নিঃস্বার্থ মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, রাজনৈতিক কর্মসূচির বাইরেও মানুষের প্রয়োজনে এভাবে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে।গরমের এই সময়ে খড়্গপুর মালঞ্চের ব্যস্ত এলাকায় এই জলদান কর্মসূচি যেন মানবিকতার এক সুন্দর উদাহরণ হয়ে উঠল।