নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। সরকার পরিবর্তনের পরও অধিকাংশ পুরসভা এখনও তৃণমূলের দখলে থাকলেও এবার পুর এলাকাগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। শুরু হতে চলেছে বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’।নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শহরাঞ্চলে জমে থাকা আবর্জনা দ্রুত সরাতে অত্যাধুনিক ‘জিও-ট্যাগিং’ প্রযুক্তি ব্যবহার করা হবে। খুব শীঘ্রই একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষও সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে পারবেন।মন্ত্রী বলেন, “কলকাতা কিংবা আসানসোলের মতো শহরে দীর্ঘ ১৫ বছর ধরে সর্বত্র আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে। নতুন এই অ্যাপ চালু হলে নাগরিকেরা যেখানেই ময়লা পড়ে থাকতে দেখবেন, সেই ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন। জিও-ট্যাগিং প্রযুক্তির মাধ্যমে সঠিক অবস্থান চিহ্নিত হয়ে সেই তথ্য সঙ্গে সঙ্গে পৌর কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।”সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য শহরাঞ্চলে দ্রুত আবর্জনা অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে কলকাতা ও আসানসোল-এর মতো বড় শহরগুলিকে আবর্জনামুক্ত করতে এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।
আবর্জনা রুখতে রাজ্যে ‘স্বচ্ছতা অভিযান’, আসছে জিও-ট্যাগিং অ্যাপ -নতুন উদ্যোগ সরকারের!