বাল্যবিবাহমুক্ত পূর্ব মেদিনীপুর গড়ার ডাক, জেলা পুলিশের উদ্যোগে বিশেষ সচেতনতা সভা
নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ, অল্প বয়সে বিয়ে এবং জোরপূর্বক বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আন্তর্জাতিক বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মূল বিষয় ছিল—‘বাল্যবিবাহমুক্ত পূর্ব মেদিনীপুর’।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্যামল কুমার মণ্ডল-সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, অল্প বয়সে বিয়ের ফলে বিশেষত কিশোরীদের শিক্ষাজীবন ব্যাহত হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়সে মাতৃত্বের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এর ফলে তাদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনের সম্ভাবনাও বাধাগ্রস্ত হয়।আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইনি ব্যবস্থা, শিশুদের অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতার মাধ্যমেই এই সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং কোথাও বাল্যবিবাহের ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয়।এদিনের আলোচনা সভার মধ্য দিয়ে বাল্যবিবাহমুক্ত পূর্ব মেদিনীপুর গড়ার লক্ষ্যে প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।বার্তা একটাই—প্রতিটি শিশুর অধিকার, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
বাংলার পরিকাঠামোয় কেন্দ্রের বড় ঘোষণা! অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ, 8,700 কোটির 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!
পূর্ব মেদিনীপুর
থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের অভিযোগ, পাঁশকুড়ায় এসআই আশিস দাস ক্লোজ ও শোকজ!
পূর্ব মেদিনীপুর