চিনকে 3-1 গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের! শিরোপা জয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ল মহিলা হকি দল!
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক হকির মঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারতীয় মহিলা হকি দল। মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শক্তিশালী চিনকে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতে নিল ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ভারত।এই নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের শিরোপা সংখ্যা দাঁড়াল চার। ফলে প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল ভারতীয় মহিলা হকি দল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে চিন। ভারতের রক্ষণভাগের উপর ক্রমাগত চাপ তৈরি করে তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। তবে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।

দশম মিনিটে অধিনায়ক সালিমা টেটের সামনে গোল করার সুবর্ণ সুযোগ এলেও তা কাজে লাগেনি।অন্যদিকে চিনও একের পর এক আক্রমণ চালিয়ে যায়। 22 মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে তারা। অবশেষে 25 মিনিটে ভারতের রক্ষণ ভেঙে গোল করেন চেন ইউজুন। তাঁর গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় চিন।27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু দীপিকার শট আটকে দেন চিনের গোলরক্ষক। প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও বিরতির পর সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে ভারতীয় দল।

দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণের গতি বাড়তে থাকে। 38 মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোলে ভারতকে সমতায় ফেরান দীপিকা। এরপর 42 মিনিটে ঈশিকার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত।এর ঠিক এক মিনিট পরেই ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন দীপিকা। তাঁর নিখুঁত নিচু ফ্লিক চিনের গোলরক্ষককে পরাস্ত করে।

ফলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত।ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভারতের রক্ষণভাগ ভেদ করতে পারেনি চিন। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানেই জয় নিশ্চিত করে ভারতীয় মহিলা হকি দল।চিনের বিরুদ্ধে এই জয় শুধু একটি ট্রফি জয় নয়, বরং ভারতীয় মহিলা হকির ধারাবাহিক সাফল্য, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।