অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কলকাতায় WOC-এর উদ্যোগে স্পাইন ও হিপ সার্জারির ক্যাডাভার ওয়ার্কশপ, হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নিলেন চিকিৎসকরা!

কলকাতায় WOC-এর উদ্যোগে স্পাইন ও হিপ সার্জারির ক্যাডাভার ওয়ার্কশপ, হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নিলেন চিকিৎসকরা!

নিজস্ব সংবাদদাতা : আধুনিক চিকিৎসাবিজ্ঞানে উন্নত অস্ত্রোপচার পদ্ধতির প্রশিক্ষণে ক্যাডাভার ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় WOC (World Orthopaedic Concern)-এর উদ্যোগে স্পাইন ও হিপ সার্জারির উপর বিশেষ হ্যান্ডস-অন ক্যাডাভার ওয়ার্কশপের আয়োজন করা হয়। WOC ইন্ডিয়া চ্যাপ্টারের তত্ত্বাবধানে কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ওয়ার্কশপে হিপ সার্জারির Direct Anterior Approach (DAA) এবং স্পাইন সার্জারির Unilateral Biportal Endoscopy (UBE) ও Minimally Invasive Surgery (MIS) পদ্ধতির উপর হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও জুনিয়র সার্জনদের আধুনিক অস্ত্রোপচার কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণে অংশ নেন ডাঃ অর্ণব কর্মকার, ডাঃ সানি কুমার মল্লিক, ডাঃ অয়ন ঘোষ, ডাঃ প্রত্যুষ শাহী, ডাঃ কৌস্তব দেবনাথ এবং ডাঃ ঐন্দ্রিলা বিশ্বাস,ডাঃচিন্ময় নাথ।

পাশাপাশি উপস্থিত ছিলেন কল্যাণীর প্রবীণ অর্থোপেডিক সার্জন এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের (WBOA) প্রাক্তন সভাপতি ডাঃ দেবাপী রায়।এই উদ্যোগের সঙ্গে যুক্ত এক বিশিষ্ট চিকিৎসক জানান, যেকোনও সার্জিক্যাল প্রশিক্ষণের প্রকৃত ভিত্তি তৈরি হয় ক্যাডাভার ল্যাবরেটরিতে। অস্ত্রোপচারের সূক্ষ্ম কৌশল, শারীরস্থান সম্পর্কে গভীর ধারণা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে ক্যাডাভার প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।

নিজের এমবিবিএস পড়ার সময়েও তিনি লেকচার ক্লাসের তুলনায় অ্যানাটমি ডিসেকশন হলে বেশি সময় কাটাতেন বলে জানান। তাঁর মতে, অভিজ্ঞ সার্জন তৈরির ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এবারের কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাই থেকে আগত ডাঃ অনিমেশ কুমার। উল্লেখ্য, তিনি একসময় কলকাতার পিজি মেডিকেল কলেজে সংশ্লিষ্ট চিকিৎসকের ইউনিটে কর্মরত ছিলেন।

এছাড়াও ভাদোদরা থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট এন্ডোস্কোপিক স্পাইন সার্জন ডাঃ শৈশব শাহ।উল্লেখ্য, সংশ্লিষ্ট আয়োজক চিকিৎসক WOC ইন্ডিয়া চ্যাপ্টারের সাম্মানিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল তরুণ চিকিৎসক ও সার্জনদের ক্যাডাভার ল্যাবভিত্তিক শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং আধুনিক অস্ত্রোপচার পদ্ধতিতে তাঁদের দক্ষতা বৃদ্ধি করা।চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও অভিজ্ঞ সার্জন গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক মহল।