অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার ডাক, মেদিনীপুরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতা মিছিল!

ছাত্রছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পদযাত্রা। বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলাশাসকের।বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে এদিনের কর্মসূচি থেকে স্পষ্ট আহ্বান জানানো হয়—শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই পারে এই প্রথাকে নির্মূল করতে। প্রতিটি কিশোরীর শিক্ষা, সুস্বাস্থ্য ও নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার নিশ্চিত করাই হোক সকলের অঙ্গীকার।

বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার ডাক, মেদিনীপুরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতা মিছিল!

নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়স্ক ও জোরপূর্বক বিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত হলো বিশেষ কর্মসূচি। 'বাল্যবিবাহমুক্ত ভারত অভিযান'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।এদিন জেলা কালেক্টরেটের আরটিও অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে। মিছিলে কয়েকশো মহিলা, বিপুল সংখ্যক স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং জেলার বিধায়ক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা বাল্যবিবাহ বন্ধের বার্তা ছড়িয়ে দেন।

মিছিল চলাকালীন প্রশাসনের আধিকারিকদের পক্ষ থেকে বাল্যবিবাহের কুফল, কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার অধিকার এবং নারী ও শিশুর সুরক্ষা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। সমাজ থেকে এই প্রথা দূর করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বার্তা, প্রশাসনের একার পক্ষে এই সামাজিক ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মিছিলের পর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি ভবনে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই সামাজিক সমস্যার বিভিন্ন দিক এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়।প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এখনও 18 বছরের কম বয়সি কিশোরীদের বিয়ের খবর সামনে আসছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক প্রসূতির ঘটনাও পুরোপুরি বন্ধ হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলায় অপ্রাপ্তবয়স্ক প্রসূতির হার আগের তুলনায় কমেছে। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে লাগাতার প্রচার ও নজরদারি চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে স্কুলস্তর থেকে শুরু করে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতেও সচেতনতা প্রচার আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাবালিকা বিয়ে রুখতে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিরোধমূলক পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।