অসুস্থ প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের পাশে রুদ্রনীল, আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল দুর্গাপুজো সমন্বয় সমিতি!
নিজস্ব সংবাদদাতা: অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকার বাসিন্দা 75 বছর বয়সি এই অভিনেতা পারকিনসন্স রোগে আক্রান্ত। সম্প্রতি নিজের ছেলে ও নাতির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। যদিও তাঁর পরিবারের তরফেও পাল্টা অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বর্ষীয়ান অভিনেতার পাশে দাঁড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন মহলে।বিষয়টি জানতে পেরে অভিনেতার সাহায্যে উদ্যোগী হন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ।

তাঁর আহ্বানে সাড়া দিয়ে এবার শঙ্কর ঘোষালের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি। জানা গিয়েছে, সংগঠনের পক্ষ থেকে প্রবীণ অভিনেতাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।এর আগে রাজ্য সরকারের তরফেও শঙ্কর ঘোষালকে সাহায্য করার উদ্যোগ নেওয়ার খবর সামনে এসেছিল। শিল্পীদের সম্মান রক্ষা এবং তাঁদের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।সংগঠনের সভাপতি রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে গত 25 নভেম্বর, বুধবার কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দেবকী কুমার বসুর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানেই শঙ্কর ঘোষালের সঙ্গে সাক্ষাৎ করেন রুদ্রনীল ঘোষ। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, প্রবীণ অভিনেতার পাশে থাকার বার্তা দিয়ে তাঁর হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে।একসময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকে দর্শকদের মন জয় করা প্রবীণ শিল্পীদের জীবনের শেষ পর্যায়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শঙ্কর ঘোষালের বর্তমান পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শিল্পীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।