শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত!
নিজস্ব সংবাদদাতা : মহিলা ক্রিকেটে ফের ইতিহাস গড়ল ভারত। দুবাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতল ভারতীয় দল। এই জয়ের ফলে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন হল ভারত।দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকও গড়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। অধিনায়ক হিসেবে এটি তাঁর চতুর্থ এশিয়া কাপ জয়।

এর ফলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজের রেকর্ডকে ছাপিয়ে গেলেন হরমনপ্রীত।এর আগে অধিনায়ক হিসেবে তিনবার এশিয়া কাপ জিতেছিলেন মিতালি রাজ। এতদিন সেটিই ছিল ভারতীয় মহিলা ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক এশিয়া কাপ জয়ের নজির। ২০২৬ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই রেকর্ড এখন এককভাবে হরমনপ্রীতের দখলে।ফাইনালে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা দুর্দান্ত ব্যাটিং করেন। দু’জনের ব্যাটে আসে ১২৯ রানের জুটি। শেফালি ৬৮ এবং স্মৃতি ৫৯ রান করেন।

তাঁদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে ভারত।জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৭২ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে এই জয় ভারতীয় মহিলা দলের শক্তি ও ধারাবাহিকতার আরও একটি প্রমাণ হয়ে রইল। একইসঙ্গে অধিনায়ক হিসেবে চতুর্থ এশিয়া কাপ জিতে হরমনপ্রীত কৌরও লিখলেন নতুন ইতিহাস।