জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!

নিজস্ব সংবাদদাতা : ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হাতে পেলেন তিনি।পুরস্কার পাওয়ার পর আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন ইয়ামি। তিনি লেখেন, প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা মানুষকে মনে করিয়ে দেয় কেন সে কখনও হাল ছাড়েনি। তাঁর কাছে জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তটিও ঠিক তেমনই। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য এই সম্মান তাঁর কাছে এমন এক প্রাপ্তি, যা তিনি সারাজীবন আগলে রাখবেন বলেও জানান অভিনেত্রী।নিজের অভিনয় জীবনের ১৪ বছরের সফরের কথাও স্মরণ করেন ইয়ামি। তিনি জানান, এত বছর ধরে তিনি শুধুমাত্র নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছেন। তাঁর মতে, এই পুরস্কার সেই দীর্ঘ পথচলায় আশা, ধৈর্য এবং সিনেমার প্রতি ভালোবাসার এক সুন্দর পরিণতি।ইয়ামির কথায়, ‘আর্টিকেল ৩৭০’ তাঁর কাছে শুধুমাত্র একটি সিনেমা ছিল না। যে গল্পে তিনি বিশ্বাস করেছিলেন, সেই গল্পের অংশ হতে পেরে তিনি গর্বিত। ছবিটি তাঁদের নিজস্ব হোম প্রোডাকশনের হওয়ায় এই জয় তাঁর কাছে আরও বেশি আবেগঘন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।জাতীয় পুরস্কার হাতে নিয়ে ইয়ামির এই সাফল্য তাঁর ১৪ বছরের অভিনয়জীবনে এক নতুন অধ্যায় তৈরি করল।