ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে ভাইফোঁটা, পূরণ হলো ইতিহাসের এক আবেগঘন স্মৃতি
নিজস্ব সংবাদদাতা :1908 সালে আর ভাইফোঁটা নেওয়া হয়নি বিপ্লবী ক্ষুদিরাম বসুর। দেশমাতৃকার স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন তিনি। ফলে মাতৃসম দিদি অপরূপা দেবীর আর কোনও দিনই সুযোগ হয়নি তাঁর আদরের ভাইকে ভাইফোঁটা দেওয়ার। সেই অপূর্ণ ইচ্ছেকে স্মরণ করে প্রতি বছরের মতো এ বছরও মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর জন্মভিটায় বিশেষ ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করল 'মিডনাপুর ডট ইন'।

অনুষ্ঠানে 'মিডনাপুর ডট ইন'-এর কর্ণধার অরিন্দম ভৌমিক জানান, অপরূপা দেবীর হয়ে প্রথমে ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে ভাইফোঁটা দেন তাঁর পৌত্রবধূ শ্রীমতী মমতা রায়। এরপর ফোঁটা দেন শ্রীমতী সুতপা রায় ও শ্রীমতী রিংকি ভৌমিক। আবেগঘন এই আয়োজনের মধ্য দিয়ে যেন ইতিহাসের পাতায় রয়ে যাওয়া এক অপূর্ণ সম্পর্কের স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলা হয়।উল্লেখ্য, এই বাড়িতেই একসময় দিদি অপরূপা দেবী তিন মুঠো খুদের বিনিময়ে মায়ের কাছ থেকে তাঁর আদরের ভাই ক্ষুদিরামকে নিজের করে নিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত জন্মভিটায় আয়োজিত এই ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরূপা দেবীর পৌত্র শ্রী সুব্রত রায় এবং প্রপৌত্র সাত্ত্বিক রায়, সার্থক রায় ও সপ্তক রায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।এদিনের অনুষ্ঠানে ক্ষুদিরামের জন্মস্থান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আনেন অরিন্দম ভৌমিক। তাঁর বক্তব্য, নব্বইয়ের দশকের গোড়ার দিকে কোনও এক অজ্ঞাত কারণে সরকারি নথিতে ক্ষুদিরাম বসুর জন্মস্থান হিসেবে মেদিনীপুর শহরের হবিবপুরের পরিবর্তে কেশপুরের মোহবনী গ্রামের নাম উল্লেখ করা হয়। এই ভুল সংশোধনের দাবিতে তিনি ইতিমধ্যেই বর্তমান সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ-সহ আবেদন জানিয়েছেন।অরিন্দম ভৌমিক আশাবাদী, প্রামাণ্য তথ্য খতিয়ে দেখে সরকার দ্রুত এই বিষয়টির নিষ্পত্তি করবে এবং ক্ষুদিরাম বসুর জন্মস্থান হিসেবে মেদিনীপুর শহরের হবিবপুরের নাম পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, নগদ 30 হাজার টাকা ও গয়না উধাও দাসপুরে
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরে জগন্নাথ সংঘের শ্যামাপুজোয় বর্ণাঢ্য রাবণ দহন, উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
পশ্চিম মেদিনীপুর
মারণরোগে আক্রান্ত মা, গুরুতর অসুস্থ মেয়ে—চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন!
একজন মায়ের জীবন বাঁচানোর লড়াই, মেয়ের সুস্থতার প্রত্যাশা—আপনার একটু সহযোগিতাই হতে পারে তাঁদের বেঁচে থাকার আশার আলো।