অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্বার পল্লীতে ব্যতিক্রমী ভাইফোঁটা, যৌনকর্মী বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন প্রশাসনিক আধিকারিকরা

দুর্বার পল্লীতে ব্যতিক্রমী ভাইফোঁটা, যৌনকর্মী বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন প্রশাসনিক আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা : গতানুগতিক সামাজিক ভাবনার বাইরে গিয়ে সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের এক বিশেষ বার্তা ছড়িয়ে দিল ঘাটাল। ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ঘাটালের বিবেকানন্দ মোড় সংলগ্ন দুর্বার পল্লীতে আয়োজন করা হলো ব্যতিক্রমী ভাইফোঁটা অনুষ্ঠানের। যৌনকর্মী মহিলাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এদিন তাঁদের হাত থেকে ফোঁটা নিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, পুলিশকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা, ঘাটালের বিধায়ক শীতল কপাট, ঘাটাল থানার ওসি তিমির লেট, রেডক্রস সোসাইটির সৌমিত্রী ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শিশির দাস, শুভদীপ সিংহ রায়, রফিক আলি খান, তাপস পড়েল সহ বিশিষ্ট জনেরা।-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিনের অনুষ্ঠানে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ে। স্থানীয় পুলিশ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, শিক্ষাবিদ ও সমাজকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দুর্বার পল্লীর যৌনকর্মী মহিলাদের কাছে এগিয়ে যান। তাঁদের হাত থেকে ভাইফোঁটা গ্রহণ করে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

সামাজিক পরিচয় ও প্রচলিত ধারণার ঊর্ধ্বে উঠে এই উদ্যোগে সামিল হন সকলে।আয়োজকদের এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক অংশের মহিলাদের সম্মান, মর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা উঠে আসে। ভাইফোঁটার মতো পারিবারিক উৎসবকে বৃহত্তর সামাজিক সম্পর্কের বন্ধনে পরিণত করার এই প্রয়াস ঘাটালে বিশেষ তাৎপর্য বহন করে।