নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা হাসপাতালের এক অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসুস্থ এক যুবক হাসপাতালের মেঝেতে বসে রয়েছেন। সেই সময় এক মহিলা স্বাস্থ্যকর্মী তাঁকে পরপর লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিওতে অন্তত ১০ বার ওই রোগীকে লাথি মারতে দেখা যায় বলে দাবি।ভিডিওটি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনার তদন্তের নির্দেশ দেন। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মী পিঙ্কিকে সাসপেন্ড করে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে।হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডাঃ পুষ্পেন্দ্র কুমার জানান, অভিযুক্ত পিঙ্কি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তাঁর এই আচরণ সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অমানবিক আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ক্যামেরায় ধরা নৃশংসতা! হাসপাতালে রোগীকে লাথি, চাকরি গেল মহিলা স্বাস্থ্যকর্মীর