অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

তিন ছেলে, দুই মেয়ে—কেউই রাখতে চান না বৃদ্ধা মাকে! শেষমেশ জঙ্গলে ফেলে যাওয়ার অভিযোগ

তিন ছেলে, দুই মেয়ে—কেউই রাখতে চান না বৃদ্ধা মাকে! শেষমেশ জঙ্গলে ফেলে যাওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : তিন ছেলে, দুই মেয়ে—সন্তান বলতে কেউই কম নেই। অথচ জীবনের শেষবেলায় আশ্রয়টুকুও জুটল না আশি পেরোনো বৃদ্ধার। মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব নিয়ে সন্তানদের মধ্যে বিবাদের জেরে শেষ পর্যন্ত তাঁকে জঙ্গলের ধারে ফেলে যাওয়ার অভিযোগ উঠল এক মেয়ের স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। তিনি দুলালপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁথির পিছাবনি এলাকায় রাস্তার পাশে একটি জঙ্গলের ধারে বৃদ্ধাকে ফেলে রেখে যাওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন মহিলা তাঁকে দেখতে পান। একটি মাদুরের উপর দুটি কাঁথা পেতে বসেছিলেন তিনি। ঠান্ডায় কাঁপছিল তাঁর শরীর। শেষ বয়সে তাঁর সম্বল বলতে ছিল একটি কাপড়ের পুঁটলি ও একটি মশারি।

বৃদ্ধার এই অসহায় অবস্থা দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমে যায়।খবর পেয়ে পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্চিতা জানার প্রতিনিধি নীলকমল জানা ঘটনাস্থলে পৌঁছন। পরে কাঁথি থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেয়।ঘটনার খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে যান কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু শতপথি। তিনি জানান, বৃদ্ধার ছেলে ও মেয়েদের নিয়ে বৈঠক করা হবে। যাঁদের বিরুদ্ধে মাকে বাড়ির বাইরে পাঠানোর অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে।অন্যদিকে, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিজের মায়ের থাকার জন্য বাড়িতে জায়গা নেই! মা বাড়ির বাইরে থাকবেন? তাঁর ঠাঁই হবে রাস্তায়? এটা ভাবতে অবাক লাগছে।”কাঁথি থানার আইসি মনোজ ঝা জানিয়েছেন, বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে। পুলিশের কাছে তাঁরা নিজেদের ভুল স্বীকার করেছেন বলেও জানান তিনি।