খড়গপুরে ছটপুজো ঘিরে পুকুরঘাটে উপচে পড়া ভিড়, বিভিন্ন ঘাট পরিদর্শনে দিলীপ ঘোষ!
অরিন্দম চক্রবর্তী : ছটপুজো উপলক্ষে উৎসবের আবহে মেতে উঠল খড়গপুর শহর। প্রতি বছরের মতো এবারও শহরের বিভিন্ন পুকুরঘাটে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছটপুজোর উপকরণে সাজানো ঝুড়ি নিয়ে পুকুরঘাটে জড়ো হন পুণ্যার্থীরা। সূর্যদেবের আরাধনা ও পুজো-অর্চনাকে কেন্দ্র করে প্রতিটি ঘাটেই ছিল উৎসবের আমেজ।ছটপুজো উপলক্ষে খড়গপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি প্রথমে নিমপুরা ও 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পুজোঘাট ঘুরে দেখেন। পরে খড়িদা মন্দিরতলা পুকুরঘাটে পৌঁছে পুণ্যার্থীদের সঙ্গে সময় কাটান এবং পুজোয় অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ ঘোষ বলেন, আগের বছরের তুলনায় এবার খড়গপুরের বিভিন্ন জায়গায় ছটপুজোর আয়োজন ও ব্যবস্থাপনা আরও সুন্দর হয়েছে। ভক্তরা আনন্দের সঙ্গে পুজো-অর্চনা করছেন। তাঁর দাবি, গণেশপুজো থেকে দুর্গাপুজো, নবরাত্রি-সহ একাধিক উৎসব এবার মানুষ উৎসাহের সঙ্গে উদযাপন করেছেন।দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে তিনি জানান, গতবারের তুলনায় এবার রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, গত বছর যেখানে প্রায় 45 হাজার পুজো কমিটি সরকারি আর্থিক সহায়তা পেয়েছিল, সেখানে এবার সেই সংখ্যা 58 হাজারের বেশি হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুজোর আয়োজন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উৎসবকে কেন্দ্র করে কেনাকাটার প্রসঙ্গেও বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এবারের উৎসবের মরশুমে দেশে প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি কেনাকাটা হয়েছে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার রেকর্ড স্তরে পৌঁছনোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। ধনতেরাসে সোনার দাম কমায় সাধারণ মানুষের মধ্যে কেনাকাটার উৎসাহ বেড়েছিল বলেও মন্তব্য করেন।খড়গপুরের দশেরা উৎসবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবছর রাবণ দহন দেখতে এক লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছিল, যা শহরের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।

প্রশাসনের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তাদের সহযোগিতায় এত বড় আয়োজন সম্ভব হয়েছে বলে জানান তিনি।সবশেষে খড়গপুরের উৎসবের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বর্তমানে শহরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে খোলা মনে বিভিন্ন উৎসব উদযাপন করতে পারছেন।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাবতীর তীরে ছটপুজো ঘিরে জনজোয়ার, নজর কাড়ল প্রশাসনিক ও পরিষেবা ব্যবস্থা
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের কৌশল্যা লাইনে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, উপস্থিত রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ!
পশ্চিম মেদিনীপুর