পঁচিশের গণ্ডি পেরিয়ে ছাব্বিশে ‘দুষ্টু’, মেদিনীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত রজতজয়ন্তী বর্ষ
কৃষ্ণা দাস সূত্রধর: শৈশব ও কৈশোরের গণ্ডি পেরিয়ে এবার ছাব্বিশে পা দিল শিশু-কিশোরদের প্রিয় পত্রিকা ‘দুষ্টু’। দীর্ঘ 25 বছরের পথচলা পূর্ণ করে পত্রিকাটির রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে আয়োজিত হলো দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার মেলবন্ধনে কবি, সাহিত্যিক, শিল্পী এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘দুষ্টু’র বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ। অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন তিওয়ারি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম, বিশিষ্ট সমাজকর্মী মনোজ দে, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত ওরফে দীপুভাই, কবি সুনীল মাজি, ভবেশ বসু, নিমাই সিং, কাঞ্চন দে, সঞ্চিতা শিকদার, প্রবীর কুমার পাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌমেন তিওয়ারি শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইলের প্রভাবে শিশুদের শৈশব অনেকটাই বদলে যাচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘দুষ্টু’র মতো পত্রিকার আরও বেশি করে প্রকাশ হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে আধুনিক ও বিকশিত ভারত গড়ার উপযোগী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন, গত 25 বছর ধরে তিনি ‘দুষ্টু’র সঙ্গে যুক্ত রয়েছেন। সম্পাদক সুভাষ চন্দ্র বসু নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে পত্রিকাটি প্রকাশ করে চলেছেন। আগামী দিনেও এই উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এদিন অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় ‘দুষ্টু’র রজতজয়ন্তী বর্ষের উৎসব সংখ্যা। পাশাপাশি একাধিক কবি ও লেখকের একক গ্রন্থও প্রকাশিত হয়। পত্রিকার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের স্মারক, মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ঝাড়খণ্ড থেকে প্রায় 150 জনেরও বেশি কবি-সাহিত্যিক অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের কবিতা পাঠে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল দিনভর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।এদিন পত্রিকার সম্পাদক ও অভিভাবক সুভাষ চন্দ্র বসুকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান সৌমেন তিওয়ারি এবং বিধায়ক ভদ্র হেমব্রম।

পত্রিকার পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে সম্পাদক সুভাষ চন্দ্র বসু জানান, আজ থেকে 25 বছর আগে ছোট শিশুদের কিতকিত খেলতে দেখে ‘দুষ্টু’ প্রকাশের ভাবনা তাঁর মনে এসেছিল। সেই ভাবনা থেকেই শুরু হয় পথচলা। নানা প্রতিকূলতা অতিক্রম করে পত্রিকাটি আজ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি ও স্বীকৃতি অর্জন করেছে। এই দীর্ঘ যাত্রায় শুভাকাঙ্ক্ষী, পাঠক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।তিনি আরও জানান, পত্রিকা প্রকাশের পাশাপাশি ‘দুষ্টু’র উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র এবং পড়ুয়াদের মধ্যে পাঠ্যসামগ্রী বিতরণ করা হয়। আগামী দিনেও সকলের সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে এই সাহিত্য-সাংস্কৃতিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা।শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে 25 বছরের এই পথচলা ‘দুষ্টু’র কাছে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য মাইলফলক। রজতজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে নতুন উদ্যমে আগামী দিনের পথচলার বার্তাই তুলে ধরল পত্রিকাটি।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপন, উঠে এল আদিবাসী ইতিহাস ও সংস্কৃতির নানা দিক
পশ্চিম মেদিনীপুর
সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আয়োজিত হলো ‘Sundays On Cycle’
পশ্চিম মেদিনীপুর