ভক্তি, আধ্যাত্মিকতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে রাধামোহনপুরে আদর্শ হিন্দুস্থানী ক্লাবের শ্যামাপুজো!
সমীরণ ভৌমিক : “কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ-বাঁচন।” শ্যামাসংগীতের এই সুর ও ভক্তির আবহে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরে শুরু হল আদর্শ হিন্দুস্থানী ক্লাবের উদ্যোগে সর্বজনীন শ্রীশ্রী শ্যামা কালীপুজো-2026। পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য সাধু-সন্ত ও মাতাজিদের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণ হয়ে ওঠে এক আধ্যাত্মিক মিলনক্ষেত্র।রবিবার, 8 নভেম্বর 2026 বিকেল 4টায় ধামসা-মাদলের বাদ্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সম্পন্ন হয় ঘটোত্তলন। বিকেল 5টায় মণ্ডপ উদ্বোধন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিমা উন্মোচন করা হয়। মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও শ্রী প্রিয়ব্রত রাঢ়ি।

আদর্শ হিন্দুস্থানী ক্লাবের এই আয়োজনকে ঘিরে রাধামোহনপুর বাজার এলাকায় সাধু-সন্ত ও মাতাজিদের পদধূলিতে এক পবিত্র আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যা 7টায় 'সপ্তপদী মিউজিক্যাল ট্রুপ'-এর উদ্যোগে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং রাত 11 টায় শ্যামামায়ের বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। শুধু পুজো নয়, আগামী কয়েক দিন ধরে নানা সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
9 নভেম্বর, সোমবার: সন্ধ্যা 5টায় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা 7টায় 'গুরুকুল ডান্স একাডেমি'-র পরিচালনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।
10 নভেম্বর, মঙ্গলবার: বিকেল 3টায় জি.এস.এন মডেল স্কুলের পরিচালনায় 'কলাত্মক যোগাসন প্রতিযোগিতা' অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 7টায় শিশুস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখবেন চিকিৎসক ডাঃ হিমাদ্রি শেখর কিস্কু ও ডাঃ উর্মিকা কিস্কু।
11 নভেম্বর, বুধবার: বিকেল 4টায় দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। সন্ধ্যা 7টায় 'চিরন্তন বাংলা ব্যান্ড'-এর সংগীতানুষ্ঠান দর্শকদের মনোরঞ্জন করবে।
12 নভেম্বর, বৃহস্পতিবার: বিকেল 3টায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাধামোহনপুর-2 শাখার উদ্যোগে 'কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান' শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেল 5টায় 'ধ্রুব সন্ধানে সপ্তর্ষি'-র উপস্থাপনায় মহিলাদের জন্য বিশেষ 'দিদিগিরি' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
13 নভেম্বর, শুক্রবার: সন্ধ্যা 6টায় আতশবাজি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্যামামায়ের প্রতিমা নিরঞ্জন করা হবে।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্য সচেতনতা, বিজ্ঞানমনস্কতা এবং সাংস্কৃতিক চর্চাকে সমান গুরুত্ব দিয়ে আদর্শ হিন্দুস্থানী ক্লাবের এই শ্যামাপুজোর আয়োজন এলাকায় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে
পশ্চিম মেদিনীপুর
পাঁচ শতাব্দীর ঐতিহ্য ও অলৌকিক বিশ্বাসের মেলবন্ধন, মেদিনীপুরের হবিবপুরে আজও জাগ্রত ‘লছি পোদ্দার’ বাড়ির কালী
পশ্চিম মেদিনীপুর