শ্যামামায়ের আরাধনায় মানবিকতার বার্তা, পশুবলির পরিবর্তে রক্তদান করে 30 জনের জীবন বাঁচানোর অঙ্গীকার!
নিজস্ব সংবাদদাতা : ধর্মীয় উৎসবের আনন্দের সঙ্গে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে শ্যামাপুজোকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল মেদিনীপুর সদর ব্লকের দক্ষিণ বেঙ্গাই গ্রাম। “মায়ের কাছে আর নয় বলিদান, আসুন করি নিজের রক্তদান”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব। মেদিনীপুর এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন এবং দক্ষিণ বেঙ্গাইয়ের ‘আমরা কজন’-এর যৌথ উদ্যোগে দক্ষিণ বেঙ্গাই গ্রামের শীতলা মন্দিরের সামনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে নারী ও পুরুষ মিলিয়ে মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সমাজসেবী গোপাল সাহা, এ. ডি. বর্মন, দেশপ্রাণ স্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পাণ্ডা-সহ দুই সংগঠনের সদস্য ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পশুবলির পরিবর্তে রক্তদানের মতো মহৎ কর্মের মাধ্যমে মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি রক্তদান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে রাহুল কোলে জানান, প্রতিবছরই শ্যামাপুজোকে কেন্দ্র করে পশুবলি রোধ এবং মানবিক মূল্যবোধের প্রসারে তাঁরা এই ধরনের সচেতনতামূলক রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকেন।

তাঁদের বক্তব্য, ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি মানবিকতার চর্চাও সমান গুরুত্বপূর্ণ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই শুধুমাত্র উৎসবের দিনেই নয়, সারা বছর নতুন রক্তদাতা তৈরি করা এবং নিয়মিত রক্তদানে মানুষকে উৎসাহিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য।তিনি আরও বলেন, রক্তের কোনও বিকল্প নেই। প্রতিটি সুস্থ ও যোগ্য মানুষের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা। পশুবলির পরিবর্তে মানুষের জীবন রক্ষার অঙ্গীকারই হোক দেবীর আরাধনার অন্যতম শ্রেষ্ঠ নিবেদন।ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং আগামী দিনে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। দেবীর আরাধনায় বলিদান নয়, বরং রক্তদানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানোর শপথ—দক্ষিণ বেঙ্গাইয়ের এই উদ্যোগে উঠে এল মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে
পশ্চিম মেদিনীপুর
পাঁচ শতাব্দীর ঐতিহ্য ও অলৌকিক বিশ্বাসের মেলবন্ধন, মেদিনীপুরের হবিবপুরে আজও জাগ্রত ‘লছি পোদ্দার’ বাড়ির কালী
পশ্চিম মেদিনীপুর