Skip to content

পথনিরাপত্তায় জোর, ট্র্যাফিক আইন নিয়ে জনসচেতনতায় পূর্ব মেদিনীপুর পুলিশ

নিজস্ব সংবাদদাতা : পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করতে এবার রাস্তায় নামলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। শুক্রবার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ পথনিরাপত্তা সচেতনতা শিবির।এদিন পথচলতি মানুষ, বাইক আরোহী এবং গাড়িচালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বার্তা দেন পুলিশ সুপার। বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিয়ে তা পরার গুরুত্ব বোঝান তিনি। পাশাপাশি গাড়িচালকদের সিটবেল্ট ব্যবহার এবং সমস্ত ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন।পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “আইন সাধারণ মানুষের জন্য। তাই প্রথমে তাঁদের আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। প্রত্যেক গাড়িচালককে বলা হচ্ছে নিয়ম মেনে গাড়ি চালাতে। এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য হল মানুষকে সতর্ক করা এবং অপ্রীতিকর দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।”শুধু সাধারণ মানুষই নয়, রাস্তায় কর্তব্যরত ট্র্যাফিক কর্মীদের দিকেও নজর দিল জেলা পুলিশ প্রশাসন। তীব্র গরমের মধ্যে দায়িত্ব পালনকারী ট্র্যাফিক কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুপুরে দু’ঘণ্টা বিরতির ঘোষণা করেন পুলিশ সুপার। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় তাপ নিয়ন্ত্রণকারী ছাতা ও রোদচশমা।পুলিশের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Latest