ঘাটাল থানার কালীপুজোয় মানবিক উদ্যোগ, নিজে হাতে প্রসাদ বিতরণ পুলিশ আধিকারিক পাপিয়া সুলতানার
সুমন মণ্ডল: কালীপুজোর উৎসবের আবহে ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা দিল ঘাটাল থানা। থানার উদ্যোগে আয়োজিত কালীপুজো উপলক্ষে অনুষ্ঠিত নরনারায়ণ সেবা কর্মসূচিতে উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে নিজে প্রসাদ তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ আধিকারিক পাপিয়া সুলতানা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিমির লেট-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। তাঁদের উপস্থিতিতে নরনারায়ণ সেবা কর্মসূচি সম্পন্ন হয়। উৎসবের আনন্দকে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে আসে সম্প্রীতি, সহমর্মিতা ও জনসেবার বার্তা। পুলিশের এই মানবিক উদ্যোগে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে ধর্মীয় আবহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর ছবি ধরা পড়ে ঘাটাল থানার প্রাঙ্গণে।