খালের জল বাড়লেই থমকে যায় জনজীবন, কবে মিলবে পাকা সেতু?
সুমন মণ্ডল: বর্ষার বৃষ্টি যেন প্রতি বছর নতুন করে দুর্ভোগ ডেকে আনে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের একাধিক গ্রামের মানুষের জীবনে। প্রবল বৃষ্টির জেরে কেঠিয়া খালের উপর থাকা বাঁশের সাঁকো ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন প্রায় 12 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।

ঘটনাটি ভগবন্তপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শি এলাকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, কেঠিয়া খালের উপর এই বাঁশের সাঁকোই দীর্ঘদিন ধরে আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, কৃষক এবং সাধারণ বাসিন্দারা এই সাঁকো ব্যবহার করেন। খালের অন্য প্রান্তে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বিভিন্ন জরুরি পরিষেবা। কিন্তু বর্ষা শুরু হলেই পরিস্থিতি বদলে যায়। প্রবল বৃষ্টিতে খালের জল বাড়লে জলের স্রোতে বারবার ভেসে যায় বাঁশের সাঁকো। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সাঁকো ভেঙে যাওয়ায় একাধিক গ্রামের মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বাজার করা, স্কুলে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে পৌঁছনো—সব ক্ষেত্রেই বাড়তি সময় ও পথ অতিক্রম করতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও কেঠিয়া খালের উপর স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর বাঁশের সাঁকো তৈরি করে সাময়িকভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্ষার জল এলেই সেই ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে প্রতি বছর একই দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাঁদের।এলাকাবাসীর কথায়, এটি শুধু যাতায়াতের সমস্যা নয়, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গেও জড়িত। বিশেষ করে কোনও রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে এই বিচ্ছিন্ন যোগাযোগ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কেঠিয়া খালের উপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক। অস্থায়ী বাঁশের সাঁকোর উপর নির্ভরশীলতা বন্ধ করে নিরাপদ ও স্থায়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।এখন দেখার, খুড়শি ও পার্শ্ববর্তী গ্রামের মানুষের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বর্ষা এলেই যাতে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়তে না হয়, সেই প্রত্যাশাতেই দিন গুনছেন এলাকাবাসী।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি
পশ্চিম মেদিনীপুর
25 হাজার গ্রাহককে নিয়ে নতুন ঠিকানায় SBI-র ঠাকুরচক শাখা, উদ্বোধন 30 নভেম্বর
পশ্চিম মেদিনীপুর