উলুবেড়িয়া পুরসভায় মন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক, ‘তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?’
নিজস্ব সংবাদদাতা : বিজেপির ‘তোলাবাজি’ ইস্যুকে ঘিরে ফের অস্বস্তি তৈরি হল। এবার প্রকাশ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইকে প্রশ্নের মুখে ফেললেন বিজেপির এক নেতা। উলুবেড়িয়া পুরসভায় একটি বৈঠককে কেন্দ্র করে মন্ত্রী ও বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁর মধ্যে বচসার ঘটনাও সামনে এসেছে।অভিযোগ, উলুবেড়িয়া পুরসভায় বিজেপির একটি বৈঠকের সময় প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে মন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে দেখা যায়। এই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই প্রশ্ন তোলেন সোমনাথ সাধুখাঁ।
সোমনাথের অভিযোগ, বাবুসোনা একজন ঠিকাদার এবং তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পেও অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তিনি। তাঁর প্রশ্ন, বিজেপির বিরুদ্ধে যাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, এমন একজন ব্যক্তির সঙ্গে রাজ্যের মন্ত্রীর বৈঠক কেন?সোমনাথ সাধুখাঁর দাবি, ওই ব্যক্তিকে পুরসভার ভিতরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে দেখে তিনি ব্যক্তিগতভাবে মন্ত্রীর সঙ্গে কথা বলতে যান। কিন্তু তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

তাঁর অভিযোগ, ‘‘আমাকে যেভাবে বের করে দিল, কলার ধরে বের করে দেওয়া হয়েছে। তাই বাইরে এসেছি।’’অন্যদিকে, অভিযোগের জবাবে মন্ত্রী উমেশ রাই বলেন, বৈঠকে অফিসার, কাউন্সিলর-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেন তিনি।এই ঘটনাকে কেন্দ্র করে উলুবেড়িয়া পুরসভা চত্বরে মন্ত্রী ও বিজেপি নেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ফলে, পুরসভায় একটি বৈঠকে নির্দিষ্ট এক ব্যক্তির উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।তবে যাঁর বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে, তাঁর বক্তব্য এই প্রতিবেদনের সময় পর্যন্ত জানা যায়নি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।