বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

অভিজিৎ হাজরা:সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহিলা এবং অন্যান্য বাসিন্দাদেরও ওই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ তৈরি হত। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্তের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা।সমস্যার কথা জানতে পেরে উদ্যোগী হন প্রধান শিক্ষক। বিদ্যালয় ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে রাস্তায় সোলার স্ট্রিট লাইট বসানোর পরিকল্পনা নেওয়া হয়। সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পেয়েছেন প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেবা ও মানবকল্যাণের আদর্শ এবং স্বামী বিবেকানন্দের ‘জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর’ বাণীকে সামনে রেখে আগামী দিনেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি।সোলার স্ট্রিট লাইট স্থাপনের পাশাপাশি প্রচলিত বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব শক্তির বার্তাও তুলে ধরা হয়েছে এই উদ্যোগে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, গ্রামের যুবতী ও মহিলা-সহ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর প্রেসিডেন্ট সঙ্গীতা গুলাই, মনীষা শ্রীবাস্তব, ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর অন্যতম কর্ণধার শ্যামদূত সামন্ত-সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, গ্রামবাসী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n