নিজস্ব সংবাদদাতা : দেশের প্রধান বিচারপতিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এবার নতুন বিতর্কের কেন্দ্রে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন, তিনি হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি অভিযোগ জানান।প্রকাশিত স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে লিখেছেন, “তোকে মেরে দেব।” পাশাপাশি আরও একটি বার্তায় দাবি করা হয়েছে, অবিলম্বে এক্স অ্যাকাউন্ট বন্ধ করে বিজেপিতে যোগ না দিলে তাঁকে আমেরিকায় খুন করা হবে।উল্লেখ্য, কয়েকদিন আগেই ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি ওঠে। পরে নতুন অ্যাকাউন্ট খুলে ফের সক্রিয় হয় সংগঠনটি। নতুন অ্যাকাউন্ট থেকে কেন্দ্রকে কটাক্ষ করে পোস্টও করা হয়।জানা গিয়েছে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অতীতে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে সমাজমাধ্যমে প্রচারের কাজও করেছিলেন। বর্তমানে ‘ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস’— এই আদর্শবাক্যকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে সংগঠনটি।ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সোশ্যাল মিডিয়া মহলে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে