মেদিনীপুর 24° 🌙 · AQI 70 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বরানগরে তরুণী খুনের রহস্য ঘনীভূত! মৃতার ফোন থেকেই বাবা-মাকে মেসেজ, 13 সেকেন্ডে কেটে গেল ফোন

বরানগরে তরুণী খুনের রহস্য ঘনীভূত! মৃতার ফোন থেকেই বাবা-মাকে মেসেজ, 13 সেকেন্ডে কেটে গেল ফোন

বরানগরে তরুণী খুনের রহস্য ঘনীভূত! মৃতার ফোন থেকেই বাবা-মাকে মেসেজ, 13 সেকেন্ডে কেটে গেল ফোন

নিজস্ব সংবাদদাতা : বরানগরের ফাঁকা ফ্ল্যাটে 26 বছরের তরুণী অঞ্জলির রহস্যমৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। খুনের তদন্তে ক্রমশ সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে রহস্যজনক বিষয়, তরুণীর মৃত্যুর পরেও তাঁর মোবাইল ফোন থেকে বাবা, মা ও মামাতো ভাইয়ের কাছে পাঠানো হয়েছে একাধিক মেসেজ। এমনকী মৃতার মাকে হোয়াটসঅ্যাপ কলও করা হয়। কিন্তু ফোনের ওপার থেকে কোনও কথা বলা হয়নি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল পৌনে 4টে নাগাদ অঞ্জলির মোবাইল থেকে তাঁর বাবার কাছে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল, “আমায় নিয়ে যাও। আমি বৃষ্টিতে আটকে পড়েছি।” তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই মেসেজ পাঠানোর আগেই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। এরপর দেহ উদ্ধারের পর তাঁর মামাতো ভাইয়ের কাছেও একই নম্বর থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, “তোমাদের মধ্যেই থাকব কিন্তু ধরতে পারবে না।”বুধবার ফের মৃতার বাবার হোয়াটসঅ্যাপে ওই নম্বর থেকে ‘হাই’ মেসেজ পাঠানো হয়। পাশাপাশি তাঁর মাকেও হোয়াটসঅ্যাপ কল করা হয়। ফোন তুলে মেয়ের মৃত্যুর কারণ জানতে চান মা। প্রশ্ন করেন, “মেয়ের সঙ্গে কী শত্রুতা ছিল?” এই প্রশ্ন শুনেই মাত্র 13 সেকেন্ডের মধ্যে ফোন কেটে দেয় অপর প্রান্তের ব্যক্তি। গোটা বিষয়টি তদন্তকারীদের জানানো হয়েছে।এদিকে, তদন্তে জানা গিয়েছে, বিহারে বারবার অবস্থান পরিবর্তন করছে অঞ্জলির হারিয়ে যাওয়া মোবাইল ফোন। মূল অভিযুক্ত অন্য কোথাও আত্মগোপন করে থেকে অন্য কাউকে দিয়ে ফোনের অবস্থান বদল করাচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।মৃতার বাবার দাবি, সম্প্রতি যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার পর অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন অঞ্জলি। পরিবারের সদস্যদের বারবার নিষেধ সত্ত্বেও গেম খেলা বন্ধ করেননি তিনি। সেই সূত্রে একাধিক অচেনা ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল বলে জানা যাচ্ছে। পুলিশের অনুমান, অনলাইন গেমের সূত্রে পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে মঙ্গলবার বরানগরে দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন তরুণী।মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনাস্থলে পাওয়া যায়নি অঞ্জলির মোবাইল ফোনসহ বেশ কিছু সামগ্রী। তদন্তকারীদের অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই সেগুলি নিয়ে পালিয়েছে অভিযুক্ত।মৃতার ফোন থেকে পাঠানো রহস্যজনক মেসেজ, হোয়াটসঅ্যাপ কল এবং অনলাইন গেমের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত খুনের প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে কারা জড়িত, তা স্পষ্ট নয়।