রাজ্যকে প্রযুক্তিগত সহায়তায় পাশে থাকবে আইআইটি খড়্গপুর, স্বাস্থ্য-কৃষি-শিল্পে যৌথ উদ্যোগের ইঙ্গিত!
অরিন্দম চক্রবর্তী : স্বাস্থ্য পরিষেবা, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা—বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারকে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী আইআইটি খড়্গপুর। রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণের কাজ চলছে। শনিবার, 21 নভেম্বর 2026, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আইআইটি খড়্গপুর সফর ও অনুষ্ঠান শেষে গার্গী অডিটোরিয়ামে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা তথা আইআইটির প্রাক্তনী সুব্রত গুপ্ত, প্রযুক্তি উদ্যোক্তা জ্যোতি চট্টোপাধ্যায়, জে কে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ড. রবীন্দ্র মুখোপাধ্যায়, আইআইটির ডিন সূর্য কুমার পাল এবং স্কাইরুট অ্যারোস্পেসের সিইও পবন কুমার চন্দনা।বৈঠকে আইআইটি খড়্গপুরের বিভিন্ন প্রযুক্তিগত গবেষণা ও উদ্যোগের কথা তুলে ধরেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং সড়ক পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কীভাবে কাজ করছে, তা ব্যাখ্যা করেন তিনি।প্রধানমন্ত্রীর পরামর্শ প্রসঙ্গে সুমন চক্রবর্তী জানান, মূলত তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেগুলি হল—রক্তাল্পতামুক্ত ভারত, যক্ষ্মামুক্ত ভারত এবং প্রান্তিক স্তরে স্বাস্থ্য পরিষেবার আরও সম্প্রসারণ।

প্রধানমন্ত্রীর ‘নেশন ফার্স্ট’ ভাবনাকে সামনে রেখেই আইআইটি খড়্গপুর বিভিন্ন ক্ষেত্রে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় বলেও জানান তিনি।রাজ্য সরকারের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা প্রসঙ্গে ডিরেক্টর বলেন, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি পরিকল্পনা তৈরি করে কাজ চলছে। পাশাপাশি কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগের কথা ভাবা হচ্ছে। জাতীয় শিক্ষানীতি 2020-র কমিটির সঙ্গেও তাঁর যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি জানান, জ্ঞানভিত্তিক বিভিন্ন ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে আইআইটি খড়্গপুর ভবিষ্যতের কর্মপরিকল্পনা তৈরি করছে।অন্যদিকে, রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, কৃষি, শিল্প, ব্যাঙ্কিং ও পরিবহণের মতো ক্ষেত্রগুলিতে কর্মসংস্থান এবং মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে কৃষিক্ষেত্রে জমির সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ। কারণ, রাজ্যের অধিকাংশ চাষযোগ্য জমি এক, দুই অথবা তিন ফসলি। ফলে কৃষিকাজে জলের ব্যবহার ও অপচয় নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি।এই পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, জলসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন উৎপাদনমূলক ক্ষেত্রে আইআইটির বিশেষজ্ঞ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন সুব্রত গুপ্ত। পাশাপাশি সার্ভিস সেক্টরে স্টার্টআপ গড়ে তোলার উপরেও তিনি বিশেষ গুরুত্ব দেন।তিনি বলেন, “প্রযুক্তির ক্ষেত্রে এবং প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য আইআইটি খড়্গপুর একটি আদর্শ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিজেও স্টার্টআপ তৈরি করছে। সেই স্টার্টআপগুলিকে কীভাবে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়া যায়, তা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি।”এদিনের সাংবাদিক বৈঠকে স্কুলপড়ুয়াদের মধ্যেও প্রযুক্তিগত দক্ষতা ও তথ্য বিশ্লেষণের আগ্রহ গড়ে তোলার বিষয়টি উঠে আসে। ডিরেক্টর সুমন চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে স্কুলস্তরের পড়ুয়াদের ডেটা বিশ্লেষণের বিষয়ে আগ্রহী করে তুলতে আইআইটি খড়্গপুর বিশেষ ভূমিকা নিতে পারে।সব মিলিয়ে, রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানোর ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের সঙ্গে রাজ্য সরকারের সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাস্থ্য, কৃষি, শিল্প ও স্টার্টআপ—বিভিন্ন ক্ষেত্রে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তার সুফল বৃহত্তর সমাজের কাছে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!
পশ্চিম মেদিনীপুর
পুরনো স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তনীরা, 77 বছরের ঐতিহ্যকে সঙ্গী করে নতুন স্বপ্নের পথে খড়্গপুর কলেজ!
পশ্চিম মেদিনীপুর