অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত ইটভাটা শিল্প,পূর্ব মেদিনীপুর থেকে বীরভূম—কাদায় পরিণত হাজার হাজার ইট!
নিজস্ব সংবাদদাতা : নভেম্বরের শুরুতেই শীতের আমেজ পড়তে শুরু করলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইটভাটাগুলিতে নতুন মরশুমের প্রস্তুতি শুরু হয়ে যায়। ভাটাজুড়ে তৈরি হতে থাকে সারি সারি কাঁচা ইট। কিন্তু এবছর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের প্রবল বৃষ্টি ইটভাটা শিল্পের সমস্ত হিসেব ওলটপালট করে দিয়েছে। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ইটভাটা মালিকরা। নষ্ট হচ্ছে হাজার হাজার কাঁচা ইট, ব্যাহত হচ্ছে নতুন করে ইট তৈরির কাজও।পূর্ব মেদিনীপুরের তমলুক, মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, ময়না ও কোলাঘাট-হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম-সহ বিভিন্ন জেলায় হাজার হাজার ইটভাটায় উৎপাদনের কাজ ব্যাহত হয়েছে।সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় রয়েছে কয়েকশো ইটভাটা। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বহু মানুষ। শুধু পূর্ব মেদিনীপুর নয়, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু শ্রমিক কাজের সন্ধানে এই জেলায় আসেন। ফলে ইটভাটা শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাব পড়তে পারে শ্রমিকদের রোজগারেও।সাধারণত বর্ষার মরশুমে ইট তৈরির কাজ অনেকটাই বন্ধ থাকে। নভেম্বর মাসে আবহাওয়া শুষ্ক হতে শুরু করলেই নতুন উদ্যমে উৎপাদন শুরু করেন ভাটা মালিকরা। সেই অনুযায়ী এবছরও নতুন মরশুমের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। ব্যক্তিগত নির্মাণকাজের পাশাপাশি সরকারি আবাসন প্রকল্পের বাড়ি তৈরির জন্যও ইটের চাহিদা থাকায় ব্যবসা নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন মালিকেরা। কিন্তু অসময়ের বৃষ্টি শুরুতেই বড়সড় ধাক্কা দিয়েছে এই শিল্পে।ভাটা মালিকদের দাবি, টানা বৃষ্টিতে খোলা জায়গায় শুকোতে দেওয়া কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও নতুন করে ইট তৈরির কাজও বন্ধ রাখতে হচ্ছে। তমলুকের একটি ইটভাটাতেই আড়াই লক্ষের বেশি কাঁচা ইট নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। মরশুমের শুরুতেই এত বিপুল পরিমাণ ক্ষতির কারণে আর্থিক চাপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।বর্তমানে গুণগত মান অনুযায়ী প্রতি হাজার ইটের দাম প্রায় 8 হাজার থেকে 12 হাজার টাকা। ফলে উৎপাদনের শুরুতেই বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হওয়ায় ক্ষতির অঙ্কও যথেষ্ট বড় হতে পারে। অন্যদিকে, নির্মাণকাজের মরশুমে ইটের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও উৎপাদন ব্যাহত হওয়ায় আগামী দিনে সরবরাহের উপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।সব মিলিয়ে, নতুন মরশুমের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় অনিশ্চয়তার মুখে ছয় জেলায় বৃষ্টির তাণ্ডব, কাঁচা ইট নষ্ট হয়ে বিপাকে ইটভাটা মালিক ও শ্রমিকরা। একদিকে ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতি, অন্যদিকে শ্রমিকদের কর্মসংস্থান ও রোজগারের প্রশ্ন—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন আবহাওয়ার উন্নতি হলে কত দ্রুত উৎপাদন স্বাভাবিক হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
"আকভানের" দাপটে ফুলচাষে বিপর্যয়, ক্ষতিপূরণ ও শস্যবীমার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি
পূর্ব মেদিনীপুর
পরপর তিন ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুল ও ধানচাষ, অগ্রহায়ণে বাড়তে পারে ফুলের দাম
পূর্ব মেদিনীপুর
শৈশবের দুষ্টুমি থেকে জীবনের শিক্ষা—খুদেদের সঙ্গে স্মৃতির ঝুলি খুলে শিশির অধিকারী
কোলাঘাটে শিশু দিবসের অনুষ্ঠানে নিজের ছোটবেলার নানা অজানা গল্প শোনালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। শিশুদের দিলেন বাবা-মায়ের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করার বার্তা।