৪×৪০০ মিটারে সোনার দৌড়, এশিয়ান গেমসে ভারতের ষষ্ঠ স্বর্ণ

৪×৪০০ মিটারে সোনার দৌড়, এশিয়ান গেমসে ভারতের ষষ্ঠ স্বর্ণ
কিরণ পাহাল, প্রাচী চৌধুরী,পুভাম্মা মাচেত্তিরা,ও ভিথ্যা রামরাজ।

নিজস্ব সংবাদদাতা : ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা ভারতের মহিলা রিলে দলের, দুরন্ত দৌড়ে বাজিমাত কিরণ-পুভাম্মা-প্রাচী-ভিথ্যার। এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের সোনার ঝুলিতে যোগ হল আরও একটি পদক। মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে সোনা জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম স্বর্ণপদক এনে দিলেন কিরণ পাহাল, পুভাম্মা মাচেত্তিরা, প্রাচী চৌধুরী ও ভিথ্যা রামরাজ। ভারতীয় দল দৌড় শেষ করে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে।রিলে ফাইনালে ভারত শুরু করেছিল ৬ নম্বর লেন থেকে। প্রথম লেগে দৌড়ান কিরণ পাহাল। এরপর প্রাচী চৌধুরী দ্বিতীয় লেগে দুরন্ত গতি তুলে ভারতকে সোনার লড়াইয়ে ফিরিয়ে আনেন। তৃতীয় লেগে পুভাম্মা মাচেত্তিরা ব্যাটন তুলে দেন ভিথ্যা রামরাজের হাতে। শেষ লেগে ভিথ্যার দুরন্ত ফিনিশেই নিশ্চিত হয় ভারতের সোনা।ভারতের পেছনে দ্বিতীয় স্থানে শেষ করে বাহরাইন। তাদের সময় ৩ মিনিট ৩০.২১ সেকেন্ড। তৃতীয় হয় চিন, সময় ৩ মিনিট ৩১.০২ সেকেন্ড।

ভিথ্যা রামরাজ।

এই জয় ভারতের জন্য একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ষষ্ঠ স্বর্ণপদক। ৪×৪০০ মিটার মহিলা রিলেতে ২০২২ সালের রুপোর পর ফের সোনার মঞ্চে ফিরল ভারত।এই সাফল্যে বিশেষ নজর কেড়েছেন ভিথ্যা রামরাজ। এর আগে ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে পি. টি. উষার ৪২ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তার আগে মিক্সড ৪×৪০০ মিটার রিলেতেও রুপো জিতেছিলেন ভিথ্যা। ফলে চলতি এশিয়ান গেমসে তাঁর পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে।অন্যদিকে পুভাম্মা মাচেত্তিরার জন্যও এই সোনা বিশেষ তাৎপর্যের। এর আগে ২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমসে ৪×৪০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন তিনি। এবার ফের সোনার পদক গলায় তুলে নিজের সাফল্যের তালিকায় আরও একটি অধ্যায় যোগ করলেন অভিজ্ঞ এই ভারতীয় অ্যাথলিট।চার ভারতীয় অ্যাথলিটের এই ঐতিহাসিক পারফরম্যান্সে ফের প্রমাণিত হল, বড় মঞ্চে রিলে দৌড়ে ভারতের শক্তি কতটা। শেষ ল্যাপে ভিথ্যার দুরন্ত গতি এবং সতীর্থদের নিখুঁত ব্যাটন বদলেই শেষ পর্যন্ত ভারতের হাতে উঠল বহু প্রতীক্ষিত সোনা।