ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গার্লস’ কলেজে ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’, ক্রীড়ার বার্তা পেলেন পড়ুয়ারা!
নিজস্ব সংবাদদাতা : ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতি এবং ‘বিকশিত ভারত–২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস’ কলেজে অনুষ্ঠিত হলো ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ—খেল কি বাত, পিএম মোদীর সাথ’ কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দেশের ১,৫০০-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।তরুণ প্রজন্মকে ক্রীড়ার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যেই দেশের প্রতিটি জেলা থেকে দুটি করে কলেজকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়। সেই তালিকায় ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস’ কলেজ নোডাল ইনস্টিটিউশন হিসেবে নির্বাচিত হয়।

সকাল ১১টায় অনলাইনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম ও ক্রীড়াবিদদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে ভারতের ক্রীড়াক্ষেত্রে সম্ভাবনা, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব উঠে আসে।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কলেজের অধ্যক্ষ ড. নিমাই চাঁদ মাসান্ত ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন। নোডাল ইনস্টিটিউশন হিসেবে কলেজকে নির্বাচিত করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ছাত্রীদের ক্রীড়াক্ষেত্রে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর নির্বাচিত জাতীয় স্তরের হকি খেলোয়াড় প্রিনী কান্দির।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী ড্রাগন বোট চ্যাম্পিয়ন সুমন্ত মুর্মু। তাঁদের বক্তব্যে উঠে আসে নিয়মিত শরীরচর্চা, প্রতিকূলতার সঙ্গে লড়াই, আত্মবিশ্বাস এবং সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা। যা ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি করে।অনুষ্ঠানে MY Bharat, পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়। তিনি তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি ও ব্যক্তিত্ব বিকাশে MY Bharat-এর বিভিন্ন উদ্যোগ এবং সুযোগ সম্পর্কে ছাত্রীদের অবহিত করেন। উপস্থিত ছিলেন MY Bharat ভলান্টিয়ার শুভঙ্কর মহাপাত্রও।

অনুষ্ঠানের সমন্বয়কারী, NSS প্রোগ্রাম অফিসার তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পম্পা হেম্ব্রম জানান, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, MY Bharat–পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার জাতীয় সেবা প্রকল্পের অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর আশা, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি আরও উৎসাহিত করবে।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অতিথি এবং বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের দক্ষতা, ব্যক্তিত্ব বিকাশ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।