নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, সুপরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনে শাসক শিবিরের ভোটে প্রভাব ফেলা যায়। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “আজ যদি আপনার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়, কাল আপনাকে ভারতীয় নাগরিক বলেও অস্বীকার করা হতে পারে।”রবিবার কলকাতার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ-এর সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল এই অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, এই নির্বাচনকে তিনি শুধুমাত্র ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন না, বরং “দেশ বাঁচানোর লড়াই” হিসেবেই তুলে ধরছেন।সভায় উপস্থিত জনতার সঙ্গে সংযোগ স্থাপন করতে গিয়ে ভাঙা বাংলায় তিনি বলেন, “আমি অল্প অল্প বাংলা বলতে পারি”—আর তাতেই করতালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল।এরপর থেকেই তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “বাংলার মানুষ কি সন্ত্রাসবাদী, যে এত বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে? আসলে ভয় দেখিয়ে ভোটারদের মনোবল ভাঙার চেষ্টা চলছে।”কেজরিওয়ালের মতে, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে সাধারণ মানুষের ভোটই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথ।