মানুষের মতোই বিয়ের সাজে গরু! চন্দ্রকোনায় আজও বেঁচে রয়েছে শতাব্দীপ্রাচীন লোকাচার!
সুমন মণ্ডল : ঢাকঢোলের জাঁকজমক নয়, নেই কোনও রাজকীয় আয়োজন। তবুও বিয়ের সাজে সেজে উঠল একের পর এক গরু। কোথাও গলায় ফুলের মালা, কোথাও পায়ে ঘুঙুর, আবার কোথাও আয়নায় নিজের প্রতিবিম্ব দেখানোর বিশেষ রীতি। মানুষের বিয়ের মতোই যাবতীয় আচার-অনুষ্ঠান মেনে গরুর বিয়ের আয়োজন করা হল বাড়িতে বাড়িতে। অবাক করার মতো এই প্রাচীন লোকাচারের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা।প্রতিবছর অমাবস্যার পর প্রতিপদ তিথিতে চন্দ্রকোনা এলাকার বিভিন্ন গ্রামে পালিত হয় এই ব্যতিক্রমী প্রথা। বংশপরম্পরায় চলে আসা এই লোকাচার আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন গ্রামবাসীরা।সকাল থেকেই শুরু হয় গরুদের বিয়ের প্রস্তুতি। প্রথমে গরুদের স্নান করানো হয়। এরপর শরীরের বিভিন্ন অংশে রঙের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয় তাদের। গলায় পরানো হয় ফুলের মালা, পায়ে জল ঢেলে গামছা দিয়ে মুছিয়ে দেওয়া হয়। তারপর পায়ে ঘুঙুর পরিয়ে এবং মাথার চুল আঁচড়ে দিয়ে বর-কনের মতো সাজানো হয় গরুগুলিকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাদের খাওয়ানো হয় মিষ্টি।এই বিয়ের আয়োজনেও রয়েছে মানুষের বিবাহ অনুষ্ঠানের সঙ্গে মিল। পান, সুপারি, তেল, হলুদ ও কলার মতো বিবাহের প্রয়োজনীয় উপকরণ সাজিয়ে রাখা হয় থালায়। একের পর এক নিয়ম মেনে সম্পন্ন হয় বিয়ের আচার। তবে এই লোকাচারের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল আয়নায় গরুর মুখ দেখানো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আয়নায় গরুটির প্রতিবিম্ব পড়া আবশ্যক। প্রতিবিম্ব না দেখা গেলে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে বলে মনে করা হয় না।গ্রামবাসীদের কথায়, ছোটবেলা থেকেই তাঁরা নিজেদের দাদু-ঠাকুমা ও বাবা-মায়েদের এই প্রথা পালন করতে দেখে আসছেন। এখন তাঁরাও সেই ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের বিশ্বাস, সারা বছর যে গরু কৃষিকাজ ও সংসারের নানা কাজে সাহায্য করে, তার প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা উচিত। সেই ভাবনা থেকেই গরুর বিয়ের এই আয়োজন।আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার বহু প্রাচীন লোকাচার আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু চন্দ্রকোনার বিভিন্ন গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গরুর বিয়ের এই প্রথা এখনও মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।মানুষের সঙ্গে গৃহপালিত পশুর নিবিড় সম্পর্ক, কৃষিজীবনের ঐতিহ্য এবং পশুর প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ এই গরুর বিয়ে। সময় বদলালেও চন্দ্রকোনার গ্রামবাংলায় আজও অমলিন শতাব্দীপ্রাচীন এই লোকসংস্কৃতি।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
কালীপুজোর রাতে পদ্মাবতী মহাশ্মশানে পিতৃপুরুষদের স্মরণ, উগ্রতারা মন্দির ঘিরে রহস্য ও তন্ত্রসাধনার ইতিহাস
মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় কালীপুজোর রাতে পদ্মাবতী মহাশ্মশানে পিতৃপুরুষদের স্মরণ!মিষ্টি, লিকার চা থেকে পছন্দের পানীয়—প্রয়াত স্বজনদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মেদিনীপুরবাসীর, প্রাচীন শ্মশানকালী মন্দিরের রয়েছে নানা কিংবদন্তি।
পশ্চিম মেদিনীপুর
চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে
পশ্চিম মেদিনীপুর